ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বৃত্তি-উপবৃত্তিতে ‘সমতা’ নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত সরকারের: ববি হাজ্জাজ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

সরকার সাহায্য ও সুযোগ-সুবিধার সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষার বৃত্তি ও উপবৃত্তি প্রদানে প্রচলিত সমতার ধারণার পরিবর্তে শিক্ষার্থীর প্রকৃত আর্থিক প্রয়োজন ও ঝুঁকিপূর্ণ অবস্থাকে অগ্রাধিকার দিয়ে ‘ইকুইটি-বেসড’ বা ন্যায্যতানির্ভর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘প্রমাণ থেকে কার্যকর পদক্ষেপ : বিদ্যালয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা (এসএলআইপি)-এর কার্যকারিতা বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ইউনিসেফের যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘সব শিক্ষার্থীকে ঢালাওভাবে সমান সহায়তা দিলেই শিক্ষায় সমতা আসে না। যার প্রয়োজন বেশি, তাকে বেশি গুরুত্ব দেওয়াই প্রকৃত ন্যায্যতা। সরকারি সহায়তার প্রতিটি টাকা যেন এমন শিক্ষার্থীর কাছে পৌঁছায়, যার জন্য এই সহায়তা শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার প্রধান সম্বল।’

তিনি বলেন, বিনামূল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ থাকা সত্ত্বেও কোনো পরিবার যদি নিজস্ব আর্থিক সক্ষমতায় সন্তানকে বেসরকারি প্রতিষ্ঠানে পড়ায়, তবে তাদের ক্ষেত্রে সরকারি সহায়তা পুনর্বিবেচনা করা যেতে পারে। অন্যদিকে, যেসব পরিবার সন্তানের শিক্ষা ব্যয় বহনে হিমশিম খাচ্ছে, তাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের তাগিদ দিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘সরকারের মূল লক্ষ্য শুধু বিদ্যালয়ে নামেমাত্র ভর্তি নয়, বরং দারিদ্র্য বা আর্থিক সংকটের কারণে কোনো শিশু যেন শিক্ষা থেকে ছিটকে না পড়ে তা নিশ্চিত করা। এ জন্য উপবৃত্তি, শিক্ষা উপকরণ ও স্কুল ফিডিংসহ সব কর্মসূচিকে আরও সমন্বিত ও লক্ষ্যভিত্তিক করা হচ্ছে।’

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সাঁতার শেখাকে জীবনরক্ষাকারী দক্ষতা হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নদীমাতৃক এই দেশে সাঁতারকে কেবল খেলাধুলা নয়, বরং নিরাপত্তা ও জীবনরক্ষার অংশ হিসেবে প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কর্মশালায় সূচনা বক্তব্য দেন ইউনিসেফের শিক্ষা বিশেষজ্ঞ জয় মিলান মালের। মূল গবেষণার ফলাফল উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ইউনিসেফ বাংলাদেশের চিফ অব এডুকেশন দীপা শংকর এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পদ হারিয়েছেন ৬ শিক্ষক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পর কর্মস্থলে যোগদান না করা এবং অব্যাহতির আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় শিক্ষকের মূল পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পদ হারিয়েছেন ৬ শিক্ষক
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী জকসুর দোয়া মাহফিল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী জকসুর দোয়া মাহফিল
দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিসেসে (এডব্লিউএস) সম্প্রতি যোগ দিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী আকিব জাবেদ। তিনি প্রতিষ্ঠানটির নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং (এনডিটি) প্রকৌশলী হিসেবে যোগ দেবেন। আকিব রুয়েটের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। পরে যুক্তরাষ্ট্রের দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকা থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়নরত আছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে একাডেমিক সাফল্য, নেতৃত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আকিব জাবেদ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। এর মধ্যে ‘দ্য এডওয়ার্ড এল. জুনিয়র অ্যান্ড রুথ এস. হেনেসি ডিস্টিংগুইশড স্কলারশিপ অ্যাওয়ার্ড’ এবং ‘দ্য ভাইস অ্যাডমিরাল লিডারশিপ অ্যাওয়ার্ড’ উল্লেখযোগ্য। উচ্চশিক্ষার পাশাপাশি পেশাগত জীবনেও ধারাবাহিকভাবে এগিয়ে চলেছেন আকিব। গবেষণার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি এবার অ্যামাজন ওয়েব সার্ভিসেসে নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং প্রকৌশলী হিসেবে যোগ দিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এটি একই সঙ্গে রুয়েটের শিক্ষার্থীদের বৈশ্বিক অঙ্গনে দক্ষতার সঙ্গে এগিয়ে চলার বিষয়টিও তুলে ধরে। রুয়েটের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানে আকিবের যোগদান বিভাগের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। তিনি এ বিভাগের প্রথম অ্যালামনাই হিসেবে এফএএএনজি-ভুক্ত কোনো প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন বলে রুয়েট-সংশ্লিষ্টরা মনে করছেন। এটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে তার অন্যতম অর্জন বলেও মনে করছেন তারা। আকিব জাবেদের পথচলায় রয়েছে রুয়েট থেকে প্রকৌশল শিক্ষা, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, একাডেমিক স্বীকৃতি, গবেষণা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে পেশাগত সাফল্যের সমন্বয়। তার এ অর্জন রুয়েটের পাশাপাশি বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার। উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রে তার সাফল্য শিক্ষার্থীদের উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আরটিভি/টিআর
দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব
শেষের পথে চাকসুর মেয়াদ, শপথ নিচ্ছেন সেই আকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে প্রার্থী হয়ে আলোচনায় আসেন দৃষ্টিপ্রতিবন্ধী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাস। নির্বাচনে নির্বাহী সদস্য পদে জয়ও পান তিনি। 
শেষের পথে চাকসুর মেয়াদ, শপথ নিচ্ছেন সেই আকাশ
ইলিশের উৎপাদন কমায় সংরক্ষণে নতুন উদ্যোগ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির
দেশে ইলিশের উৎপাদন টানা দুই বছর ধরে কমছে। এ অবস্থায় মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি জেলে, গবেষক, বিশ্ববিদ্যালয়, এনজিও ও স্থানীয় জনগোষ্ঠীকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইলিশের উৎপাদন কমায় সংরক্ষণে নতুন উদ্যোগ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির
আরও পড়ুন
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদরাসা
শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে: ববি হাজ্জাজ
শতভাগ সাক্ষরতার লক্ষ্যে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ