
গোপালগঞ্জসহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোটরসাইকেল মিছিল করেছে শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে জিরো পয়েন্ট, শাহজালাল হল, আলাওল হল, সোহরাওয়ার্দী হল, এফ রহমান হল, ২ নম্বর গেট, নিরাপত্তা দপ্তর, সমাজবিজ্ঞান অনুষদ, আবদুর রব হল, শহীদ ফরহাদ হল, অতীশ দীপঙ্কর হল, প্রশাসনিক ভবন, উপাচার্যের বাংলো, ছাত্রী হল এলাকা, সাউথ ক্যাম্পাস, মাস্টারদা সূর্যসেন হল ও টিচার্স ক্লাব প্রদক্ষিণ করে লেডিস ঝুপড়িতে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, ‘সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা রুখে দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা প্রস্তুত।’
সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, জালাল সিদ্দিকী ও শাফায়াত হোসেন।
আরটিভি/ এসকেডি


