রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার ৮০০ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২ মে) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা সচিব আব্দুল খালেক বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা। সৎ, নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ গঠনে নেতৃত্ব দিতে হবে। তাই শিক্ষার্থীদের সৎ সাহস ও দেশপ্রেম নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর এ জন্য ভালো ফলাফল এবং পড়ালেখার কোনো বিকল্প নেই।
এ সময় শিক্ষকদের নিবেদিতপ্রাণ ভূমিকা ও অভিভাবকদের সহযোগিতার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
শিক্ষার্থীদের এই অর্জনকে আরও উচ্চতায় পৌঁছানোর প্রেরণা হিসেবে গ্রহণ করতে বলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রওশন জাহান।
তিনি বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সবাইকে কাজ করতে হব।
অধ্যক্ষ আরও বলেন, দেশসেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া শিক্ষার্থীরা আগামীতে নিজেদের পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি।
রওশন জাহান বলেন, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে একটি লিডিং প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনের জন্য আমাদের শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। সুতরাং আমাদের ভিশন অর্জনে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আয়োজনের আহ্বায়ক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীরের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আরটিভি/আইএম




