
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন ও আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণে এক জরুরি মতবিনিময় সভা করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ সভাটি শুরু হয়, যা মধ্যরাত পর্যন্ত চলে। সভা শেষে মধ্যরাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর হয়ে টিএসসির পেছনে গিয়ে শেষ হয়।
এ সময় ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’, ‘মানি না, মানবো না, শরীফুল মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মতবিনিময় সভায় আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা ও পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন শিক্ষার্থীরা। সভা থেকে আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ভবনের সামনে শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। সেখানে আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণে আরেকটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন ও পরবর্তী করণীয় নির্ধারণে আজ বুধবার সকাল ১১টায় জরুরি সাধারণ সভা আহ্বান করেছে চুয়েট শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠেয় এ সভায় শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের আলোচ্য বিষয়গুলো সমিতির সদস্যদের অবহিত করা এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে চলমান অচলাবস্থা নিরসনে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
২৩ নভেম্বর (সোমবার) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সঙ্গে চুয়েট শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় আলোচিত বিষয়গুলো সমিতির সদস্যদের অবহিত করা এবং চলমান পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে এ জরুরি সাধারণ সভা আহ্বান করা হয়েছে। এতে সমিতির সব সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যরাতের বিক্ষোভ, নতুন কর্মসূচি ঘোষণা এবং শিক্ষক সমিতির জরুরি সভাকে ঘিরে চুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে নতুন কোনো সিদ্ধান্ত আসে কিনা, তা নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আরটিভি/এসএস




