ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় পোশাকশিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী জাকারিয়া তাহের

বুটেক্স সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম
রাজধানীর আর্মি গলফ ক্লাবে টেক্সটাইল প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন আইটিইটির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের । ছবি: আরটিভি

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শিল্পখাত, বিশেষ করে পোশাকশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে জ্ঞানভিত্তিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর আর্মি গলফ ক্লাবে টেক্সটাইল প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশের নবনির্বাচিত ১৫তম কেন্দ্রীয় পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইটিইটির সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন।

মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শিল্পখাত, বিশেষ করে পোশাকশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিল্পায়ন ও উৎপাদন ব্যবস্থাকে আধুনিক করতে প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে জ্ঞানভিত্তিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। সরকার, শিল্পমালিক ও প্রকৌশলীদের সম্মিলিত উদ্যোগে এ অগ্রযাত্রা আরও বেগবান করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এছাড়া অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ও সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, রাজউক চেয়ারম্যান ও আইইবি সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী এটিএম সামসু উদ্দীন খান উপস্থিত ছিলেন। এ সময় আইটিইটির কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের টেক্সটাইল প্রকৌশলী, সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আইটিইটির উপদেষ্টা কমিটির সদস্যরা প্রধান অতিথির কাছ থেকে শুভেচ্ছা ও সম্মাননা গ্রহণ করেন। এরপর নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদের সদস্যরা শুভেচ্ছা ও সম্মাননা নেন। পরে অতিথি ও সংগঠনের নেতারা বক্তব্য দেন। রাতের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম বলেন, আইটিইটি সত্যিকার অর্থেই যেন এই কার্যনির্বাহী কমিটি ব্যক্তিগত স্বার্থ ও দলীয়করণের ঊর্ধ্বে উঠে দল-মতনির্বিশেষে সবার জন্য কার্যকর ভূমিকা পালন করতে পারে। সময় এসেছে সত্য প্রমাণ করার—দল-মত যার যার, আইটিইটি আমাদের সবার।

তিনি বলেন, আইটিইটিতে প্রত্যেক শিক্ষার্থীর অর্থবহ সদস্যপদ নিশ্চিত করতে হবে। নির্বাচিত সদস্যদের পাশাপাশি যারা নির্বাচিত হননি, তাদেরও শুধু গঠনমূলক আলোচনায় নয়, গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এছাড়া টেক্সটাইল গবেষণার জন্য আলাদা তহবিল গঠনের প্রস্তাব দেন মাহবুবা হাকিম। এ তহবিল থেকে জ্বালানি দক্ষতা, অটোমেশন, প্রযুক্তি উন্নয়ন ও টেকসই উৎপাদন নিয়ে গবেষণায় সহায়তা দেওয়ার কথা বলেন তিনি। জাতীয় টেক্সটাইল ইনোভেশন অ্যান্ড এক্সিলেন্স সেন্টার প্রতিষ্ঠা এবং নীতিনির্ধারণে টেক্সটাইল প্রকৌশলীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে টেক্সটাইল প্রকৌশলীদের জন্য স্বতন্ত্র বিসিএস ক্যাডার চালুর বিষয়েও সরকারের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, বাংলাদেশের পোশাকশিল্প দেশের রপ্তানিতে বড় অবদান রাখছে। বিদেশে বাংলাদেশের ব্যবসায়ীরা গেলে দূতাবাসগুলোকে তাদের সহযোগিতা করতে হবে। একজন রাষ্ট্রদূত শুধু সরকারি প্রতিনিধি নন, দেশের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরও।

তিনি কারখানায় মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়ন এবং বিশেষ করে নারী শ্রমিকদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সমাপনী বক্তব্যে আইটিইটির সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাসগুলোর কমার্শিয়াল উইংয়ে টেক্সটাইল প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হোক। বিদেশের মাটিতে একজন টেক্সটাইল বিশেষজ্ঞ থাকলে ক্রেতাদের সঙ্গে কারিগরি বোঝাপড়া, চাহিদা অনুযায়ী গার্মেন্টস উৎপাদন নিশ্চিত করা এবং দেশের কারখানার সঙ্গে কার্যকর যোগাযোগ রক্ষা করা অনেক সহজ হবে।

তিনি আরও বলেন, গত ২৬ জুন অনুষ্ঠিত নির্বাচনে আপনারা আমার পুরো প্যানেলকে বিজয়ী করেছেন এবং আমাকে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে যে ঋণে আবদ্ধ করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, আমাদের কার্যনির্বাহী কমিটির ২৭ জন দক্ষ ও পরীক্ষিত কর্মীকে সঙ্গে নিয়ে আমরা আপনাদের একটি সম্পূর্ণ স্বচ্ছ, কার্যকর ও সদস্যবান্ধব নতুন আইটিইটি উপহার দিতে পারব।

বক্তারা দেশের টেক্সটাইল ও পোশাকশিল্পের উন্নয়ন, টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় টেক্সটাইল প্রকৌশলীদের আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন
প্রার্থীদের সঙ্গে আলোচনা ছাড়াই খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১৫ ঘণ্টা ভোটের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
শনিবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ভিত্তিক সংস্থা -নাসার পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ- ২০২৬’-এর চট্রগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর দল ‘প্রজন্ম অ্যাপোলো’।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা ৮৪ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 'রাবি সংস্কার আন্দোলন' ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা।
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (SRIFF- 2026) এ সেরা পরিচালনার জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার- শ্রেষ্ঠ পরিচালক (Belt & Road Jury Special Prize for Best Director) অর্জন করেছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ।
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
আরও পড়ুন
আইটিইটির ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অভিষেক
বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ 
গাজায় সহিংসতার প্রতিবাদে বুটেক্সে শিক্ষার্থীদের সংহতি