ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন

খুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১১:০৯ এএম
খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত

প্রার্থীদের সঙ্গে আলোচনা ছাড়াই খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১৫ ঘণ্টা ভোটের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তে কমিশনের একতরফা ভূমিকা, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রার্থীরা।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে অনলাইনে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ২১ নভেম্বর বেলা ২টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করেছে কমিশন। তবে ভোটগ্রহণের শেষ মুহূর্তে নেওয়া এ সিদ্ধান্তের আগে প্রার্থীদের সঙ্গে আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী। তাদের কেউ সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ ভোটারদের সুবিধার্থে সময় বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার ড. এস. এম. রফিজুল হক বলেন, কারিগরি ত্রুটির কারণে প্রায় ২ হাজার ভোটার ভোট দিতে পারেননি। ভোটারদের স্বার্থে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই আমরা আগামীকাল বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের গঠনতন্ত্র অনুযায়ীই এই সিদ্ধান্ত নিয়েছি।

তবে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন এফ এম আর টি ৯৭ ব্যাচের সভাপতি প্রার্থী মো. ইফতেখারুল আলম। তিনি বলেন, কারিগরি ত্রুটির বিষয়ে কমিশনের আগেই সতর্ক হওয়া উচিত ছিল। তারা বিভিন্ন সময়ে তৃতীয় পক্ষের মাধ্যমে ভোটগ্রহণের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সময় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণের আগে কমিশন তাদের সঙ্গে যোগাযোগ করেনি।

বিবিএ ৯৫ ব্যাচের সভাপতি পদপ্রার্থী মো. নাজমুল আহসান প্রিন্সও এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। ২০ নভেম্বর রাতে নির্বাচন কমিশনের কাছে পাঠানো এক লিখিত প্রতিবাদপত্রে তিনি সময় বাড়ানোর সিদ্ধান্তকে একতরফা ও আপত্তিকর বলে উল্লেখ করেন।

প্রিন্স বলেন, প্রকাশিত তফশিল অনুযায়ী ভোটগ্রহণের সময় ছিল ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত, অথচ ভোটগ্রহণ প্রায় শেষ হওয়ার মুহূর্তে কমিশন প্রার্থীদের না জানিয়ে একতরফাভাবে সময় ১৫ ঘণ্টা বাড়িয়েছে। এতে কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।

তিনি বর্ধিত সময় প্রত্যাহার, সিদ্ধান্তের বিধিগত কর্তৃত্ব ও কারণ লিখিতভাবে জানানো এবং সব প্রার্থীর জন্য ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নিজে কোনো কারিগরি সমস্যায় না পড়লেও নির্বাচনপ্রক্রিয়ার ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতার স্বার্থে এ প্রতিবাদ জানিয়েছেন বলে জানান তিনি।

তবে কমিশনের সিদ্ধান্তের প্রতি আস্থা জানিয়েছেন আর্কিটেকচার ডিসিপ্লিনের ৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও সভাপতি প্রার্থী খুরশীদ আলমেহের তন্ময়। তিনি বলেন, নির্বাচন চলাকালে নির্বাচন কমিশনের যেকোনো সিদ্ধান্তের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ভোটারদের সুবিধার্থে সময় বাড়ানোর সিদ্ধান্তকে তিনি ব্যক্তিগতভাবে ভালো মনে করছেন।

এদিকে ভোটারদের সমস্যার কথা জানলেও সময় বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে আগে থেকে অবহিত না হওয়ার কথা জানিয়েছেন নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ফজলে রেজা সুমন। তিনি বলেন, ভোটারদের কাছ থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট দিতে না পারার অভিযোগ পেয়েছেন। বিষয়টি জানিয়ে ব্যক্তিগতভাবেও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে কমিশন তাকে কারিগরি জটিলতার কথা জানায়। তবে ভোটের সময় বাড়ানোর সিদ্ধান্তটি তাদের জানানো হয়নি।

সুমন আরও বলেন, ভোট গ্রহণের নির্ধারিত সময়সীমা থাকা উচিত। তবে ভোটারদের কাছ থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট দিতে না পারার অভিযোগ পেয়েছি। বিষয়টি জানিয়ে ব্যক্তিগতভাবেও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। পরে তারা কারিগরি জটিলতার কথা জানান। কিন্তু হঠাৎ করে ভোটের সময় বাড়ানোর সিদ্ধান্ত আমাদের জানানো হয়। এ বিষয়ে আমাদের আসলে কিছু বলার নেই। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, সেটিই মেনে নিতে হবে।

তিনি জানান, বিভিন্ন সময়ে মৌখিকভাবে, ইমেইল ও বার্তার মাধ্যমে নির্বাচন কমিশনকে নানা অনুরোধ জানিয়েছেন তারা। সেসব অনুরোধ বিবেচনা করা হলে তারা সন্তুষ্ট হন, আর না হলে অপেক্ষা করা ছাড়া তাঁদের কিছু করার থাকে না।

সময় বাড়ানোর সিদ্ধান্তের পক্ষে গঠনতন্ত্রের বিধিগত ভিত্তির কথা উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে, কয়েকজন প্রার্থী সিদ্ধান্ত গ্রহণের আগে তাদের সঙ্গে যোগাযোগ না করা এবং সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই ঘটনায় প্রার্থীদের ভিন্ন অবস্থান খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনার প্রক্রিয়া ও কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আলোচনা তৈরি করেছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
শনিবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ভিত্তিক সংস্থা -নাসার পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ- ২০২৬’-এর চট্রগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর দল ‘প্রজন্ম অ্যাপোলো’।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা ৮৪ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 'রাবি সংস্কার আন্দোলন' ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা।
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (SRIFF- 2026) এ সেরা পরিচালনার জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার- শ্রেষ্ঠ পরিচালক (Belt & Road Jury Special Prize for Best Director) অর্জন করেছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ।
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
চবির হলের কক্ষে বই নেই, মিলল গাঁজা-বিয়ারের বোতল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের একটি আবাসিক কক্ষে অভিযান চালিয়ে গাঁজা, বিদেশি বিয়ারের বোতল, ইলেকট্রনিক সিগারেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
চবির হলের কক্ষে বই নেই, মিলল গাঁজা-বিয়ারের বোতল
আরও পড়ুন
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুবিতে মানববন্ধন
খুবি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওয়ালিদ ও মোস্তাফিজ
খুবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত
খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি