
সরকারি চাকরিতে রাজনৈতিক পরিচয় ও মতাদর্শের ভিত্তিতে বৈষম্য বন্ধ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, ৫ আগস্টের পর যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সরকার বৈষম্য বন্ধ করে জনবান্ধবভাবে রাষ্ট্র পরিচালনা না করলে শিক্ষার্থীদের পক্ষ থেকে আবারও আন্দোলন গড়ে তোলা হবে।
পুলিশ ভেরিফিকেশন প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরিপ্রার্থীরা ভেরিফিকেশনের নামে হয়রানির অভিযোগ করছেন। রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে কোনো প্রার্থী যেন চাকরিতে বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
আরিফ আরও বলেন, আপনারা যদি নিজেদের গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত না নেন, তাহলে ক্যাম্পাসগুলো থেকে যেভাবে হাসিনাবিরোধী আন্দোলন হয়েছিল, আপনাদের বিরুদ্ধেও সেরকম আন্দোলন তৈরি হতে পারে।
জকসুর সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়েই দেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে। সঠিক সিদ্ধান্ত না নিয়ে আগের অবস্থায় ফিরে গেলে শিক্ষার্থীরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, মানুষের জীবনের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা ও চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। নিরাপদ রাষ্ট্র গঠনে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রার্থীকে বাদ দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে চাকরিপ্রার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন কি না, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।
আরটিভি/এমএম


