
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ‘৫৬?’ প্রতীকী প্রশ্নযাত্রা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে অংশ নিতে চুয়েটের ৯টি আবাসিক হল থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা হাতে ‘৫৬?’ লেখা লাল কাগজের প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন। এ সময় তারা ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘একটি নাম, একটি সুর—সায়েম স্যার, সায়েম স্যার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের হাতে থাকা লাল কাগজের ‘৫৬?’ যেন তাদের একটিই প্রশ্নকে সামনে আনছিল—মাত্র ৫৬ দিনের দায়িত্ব পালনের পর কেন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পরিবর্তন করা হলো। তাকে পুনর্বহালের দাবিতে গত ছয় দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রতীকী প্রশ্নযাত্রা শুরু হয়। শিক্ষার্থীরা সেখান থেকে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে অবস্থান নেন। প্রশ্নযাত্রায় অংশ নেওয়া কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়েশা করিম সোহা বলেন, মাত্র ৫৬ দিনের মধ্যে আমাদের ভিসিকে পরিবর্তন করা হয়েছে। আজ ছয় দিন ধরে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। আমাদের প্রশ্ন—এটা আর কত দিন চলবে? আমরা চাই, যত দ্রুত সম্ভব আমাদের দাবি মেনে নেওয়া হোক। সায়েম স্যার ৫৬ দিন দায়িত্বে ছিলেন। এই সময়ে তিনি কী কী করেছেন, সেগুলো আমরা স্মরণ করছি। তার কাজ দেখে আমরা তার প্রতি কৃতজ্ঞ। আমরা চাই, তাকে আবার আমাদের ভিসি হিসেবে দেখতে।
প্রশ্নযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে অনুষ্ঠিত হয় ‘৫৬ কর্ণার’ কর্মসূচি। এ সময় শিক্ষার্থীদের মধ্যে থেকে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সময়ে চুয়েটের আধুনিকায়নে নেওয়া ১২টি উদ্যোগের কথা তুলে ধরেন।
পরে দুপুর ৩টায় শুরু হয় পথনাট্য। এতে মাত্র ৫৬ দিনের মধ্যে অধ্যাপক সায়েমকে উপাচার্যের পদ থেকে পরিবর্তন এবং নতুন উপাচার্যের অনলাইনে যোগদানের ঘটনাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেন শিক্ষার্থীরা। পাশাপাশি গত ছয় দিনের আন্দোলনের প্রেক্ষাপট ও বিভিন্ন ঘটনাপ্রবাহও পথনাট্যের মাধ্যমে উপস্থাপন করা হয়।
আরটিভি/এমএম



