
বয়স মাত্র ২৬ বছর। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে সামনে এগিয়ে যাওয়ার কথা ছিল তার। কিন্তু প্রায় এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মোশারফ হুছাইন। চিকিৎসায় ইতোমধ্যে পরিবারের প্রায় আট লাখ টাকা ব্যয় হয়েছে। ছয় ডোজ কেমোথেরাপিও নিয়েছেন। তবু মেলেনি কাঙ্ক্ষিত সুফল। এখন উন্নত চিকিৎসা প্রয়োজন হলেও অর্থসংকটে তা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। বাঁচতে তাই সবার সহযোগিতা চেয়েছেন মোশারফ ও তার পরিবার।
মোশারফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি স্নাতকোত্তর (এমএ) পর্যায়ে অধ্যয়নরত। তার শিক্ষার্থী আইডি নম্বর ১৯১০৭০৩৯।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মোশারফ সেকেন্ডারি লিভার ক্যান্সারে আক্রান্ত। গত ২২ এপ্রিল ২০২৬ থেকে তিনি ঢাকার মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৭ এপ্রিল থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দুই ধাপে মোট ছয় ডোজ কেমোথেরাপি নিয়েছেন তিনি। দীর্ঘদিনের চিকিৎসায় প্রায় আট লাখ টাকা ব্যয় হলেও প্রত্যাশিত উন্নতি না হওয়ায় তার পরবর্তী চিকিৎসা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
একদিকে দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, অন্যদিকে চিকিৎসার বিপুল ব্যয় দুইয়ে মিলে অসহায় হয়ে পড়েছে মোশারফের পরিবার। আর্থিক সংকট এতটাই প্রকট হয়েছে যে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়াও এখন কঠিন হয়ে পড়েছে।
পরিবারের সদস্যরা বলছেন, মোশারফের উন্নত চিকিৎসা অব্যাহত রাখতে আরও অর্থ প্রয়োজন। নিজেদের সামর্থ্য অনুযায়ী এতদিন চিকিৎসার খরচ বহনের চেষ্টা করলেও এখন আর তাদের একার পক্ষে তা সম্ভব হচ্ছে না। তাই বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।
এর আগে দীর্ঘ তিন বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক দাস (২৪)। গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে চাঁদপুরে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
অর্থের অভাবে মোশারফের চিকিৎসা যেন থেমে না যায় এ প্রত্যাশায় তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে পরিবার। সামর্থ্য অনুযায়ী সবার ছোট-বড় সহযোগিতাই তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পথ সহজ করতে পারে।
আর্থিক সহযোগিতা তথ্য—
বিকাশ / নগদ: +880 1869-561939 (পার্সোনাল)— রোগী
A/N: 20507770232337809, Islami Bank, Ilishia Branch.
আরটিভি/এমএম




