
দেশের এক প্রান্তে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অন্য প্রান্তে ভিন্ন পরিবেশগত সংকট। কোথাও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই, কোথাও পরিবর্তিত প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। প্রতিকূলতার মধ্যেও মানুষ কীভাবে টিকে থাকে, কীভাবে পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া জ্ঞান কাজে লাগিয়ে দুর্যোগ মোকাবিলা করে সেসব গল্প খুঁজতে এবার সাইকেলের দুই চাকায় দেশ পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী। উত্তরের তেঁতুলিয়া থেকে দক্ষিণের টেকনাফ পর্যন্ত প্রায় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা তুলে আনতে চান জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মানুষের অভিযোজনের বাস্তব চিত্র।
ব্যতিক্রমী এই উদ্যোগের নাম ‘প্যাডেল দ্য ডেল্টা: দ্য সাসটেইনেবল মাইলস প্রজেক্ট’। অভিযানের দুই উদ্যোক্তা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী তৌসিফ নূর ওয়াজিহ জয় এবং মো. আবির আল হাসনাইন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টসের উদ্যোগে আগামী ২০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অভিযানটি পরিচালনার পরিকল্পনা রয়েছে।
তবে দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে কোনো গতির রেকর্ড গড়া তাদের উদ্দেশ্য নয়। বরং সাইকেলকে পরিবেশবান্ধব যাতায়াতের মাধ্যম হিসেবে তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাতে চান তারা। শুনতে চান তাদের জীবনসংগ্রামের কথা। জানতে চান, দুর্যোগের মুখে কীভাবে টিকে থাকেন তারা, কীভাবে নিজেদের অভিজ্ঞতা ও ঐতিহ্যগত জ্ঞানকে কাজে লাগিয়ে পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেন।
এ বিষয়ে প্রকল্পের আয়োজক তৌসিফ নূর ওয়াজিহ জয় বলেন, আমাদের লক্ষ্য শুধু দীর্ঘ পথ পাড়ি দেওয়া নয়। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে স্থানীয় মানুষ কীভাবে নিজেদের মানিয়ে নিচ্ছেন, তা সরাসরি জানব। তাদের অভিজ্ঞতা ও স্থানীয় জ্ঞানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য মিলিয়ে একটি গবেষণাভিত্তিক প্রতিবেদন তৈরি করতে চাই। মূলত বাংলাদেশের মানুষ, প্রকৃতি ও জলবায়ুর গল্প তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।
‘দুই চাকা, হাজার মাইল, চলমান এক বার্তা’ এই প্রতিপাদ্য নিয়ে সাজানো হয়েছে পুরো অভিযান। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ২০ থেকে ২৫ দিনব্যাপী এই যাত্রায় সাইকেল চালানোর পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধি, স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় এবং মাঠপর্যায়ে গবেষণা পরিচালনা করা হবে।
গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছে ‘টু-ফ্রন্টিয়ার রিসার্চ মডেল’ বা দুই প্রান্তভিত্তিক গবেষণা পদ্ধতি। এতে দেশের ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্যে ভিন্ন দুই প্রান্ত তেঁতুলিয়া ও টেকনাফে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই দুই অঞ্চলে স্থানীয় জনগোষ্ঠীর সাক্ষাৎকার, দলীয় আলোচনা (এফজিডি), পরিবেশগত পর্যবেক্ষণ এবং জিপিএস ও জিআইএস প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন তারা। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের পাশাপাশি স্থানীয় ও আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান এবং দুর্যোগ মোকাবিলার কৌশলও নথিবদ্ধ করার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের ইভেন্ট কো-অর্ডিনেটর মো. আবির আল হাসনাইন বলেন, এটি শুধু একটি সাইকেল ভ্রমণ নয়। বিভিন্ন জেলার মানুষের জীবনযাত্রা ও দুর্যোগ মোকাবিলার স্থানীয় রীতিগুলো জানার চেষ্টা করব। পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে টেকসই উন্নয়নের বার্তাও সবার সামনে তুলে ধরতে চাই।
তেঁতুলিয়া থেকে যাত্রা শুরু করে পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া ও যশোর হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে দুই সাইক্লিস্টের। এরপর সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, লক্ষ্মীপুর ও ফেনী পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাবেন তারা। সেখান থেকে চকরিয়া ও কক্সবাজার হয়ে টেকনাফ জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে তাদের দীর্ঘ যাত্রা।
এই অভিযানে সংগৃহীত তথ্য কেবল স্মৃতি হিসেবে ধরে রাখতে চান না দুই শিক্ষার্থী। এসব তথ্য বিশ্লেষণ করে তৈরি করতে চান একটি মাঠপর্যায়ের গবেষণা প্রতিবেদন। পাশাপাশি যাত্রাপথের দুর্যোগসংক্রান্ত তথ্যভান্ডার, জিআইএস মানচিত্র, স্থানীয় মানুষের অভিজ্ঞতাভিত্তিক প্রতিবেদন এবং ছবি ও ভিডিওচিত্র প্রকাশের পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের পরিবেশগত সংকট এবং দুর্যোগ মোকাবিলায় মানুষের নিজস্ব সক্ষমতার চিত্র তুলে ধরতে চান তারা।
দীর্ঘ এই অভিযান বাস্তবায়নে প্রায় দুই লাখ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে খাবার, আবাসন, সাইকেল মেরামত ও যাতায়াতসহ অভিযান পরিচালনায় ৮০ হাজার টাকা, গবেষণা ও গণমাধ্যম প্রচারণায় ৭৪ হাজার টাকা এবং নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৪৬ হাজার টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় অর্থ ও সরঞ্জামের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা চাওয়া হচ্ছে।
এদিকে অভিযানটি পরিচালনার প্রাতিষ্ঠানিক অনুমোদনও পেয়েছেন দুই শিক্ষার্থী। তাদের এ উদ্যোগে অনুমতি দিয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. কাজী বরকত আলী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।
উদ্যোগটির বিষয়ে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের বিপরীতে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করবে। এ প্রকল্পের গুরুত্বপূর্ণ দিক হলো দুর্যোগপ্রবণ অঞ্চলের মানুষের অভিযোজন অভিজ্ঞতা সংগ্রহ ও নথিবদ্ধ করা। এসব স্থানভিত্তিক তথ্য ভবিষ্যতে গুরুত্বপূর্ণ জ্ঞানভাণ্ডার হিসেবে বিবেচিত হতে পারে।
আয়োজকদের প্রত্যাশা, স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের তথ্যের সমন্বয়ে তৈরি গবেষণা প্রতিবেদনটি দেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দুর্যোগ মোকাবিলায় মানুষের অভিযোজনের বাস্তব চিত্র তুলে ধরতে সহায়ক হবে।
আরটিভি/এমএম


