
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা ও সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) Organization of Disaster Management (ODM)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. রেহেনা পারভীন। এতে একই বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচের ৩৪ জন শিক্ষার্থী অংশ নেন।
কর্মশালায় মানসিক চাপের কারণ, চাপ মোকাবিলার বিভিন্ন কৌশল, আত্মসচেতনতা এবং প্রয়োজনের সময় যথাযথ সহায়তা নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ব্যক্তিগত ও একাডেমিক জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
ODM-এর কেন্দ্রীয় বোর্ড সদস্য মো. জুনায়েদ রাব্বি প্রকাশ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা প্রথমবারের মতো ডেডিকেটেডভাবে ‘স্ট্রেস ম্যানেজমেন্টের’ ওপর কর্মশালা আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ আমাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং কর্মশালাটি আয়োজনে প্রশাসনিক সহযোগিতা দিয়েছেন।
তিনি বলেন, যুবদের মধ্যে দ্রুতগতিতে মানসিক অবসাদ বৃদ্ধি এবং অনেকের অজান্তেই বিভিন্ন মানসিক সমস্যার দিকে ঝুঁকে পড়ার বিষয়টি উদ্বেগের। একজন মানুষের সুস্থ জীবনের জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের সমস্যাগুলো চিহ্নিত করা এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ চিকিৎসা ও সহায়তার আওতায় আসার জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে জানা জরুরি।
ODM-এর সভাপতি জয় দাস বলেন, আমাদের সমাজে, বিশেষ করে গ্রামীণ পর্যায়ে, কেউ Mental Disorder, Depression বা Anxiety-এর মতো বিষয় নিয়ে কথা বললে অনেক সময় তাকে নেতিবাচকভাবে দেখা হয়। আমাদের মূল উদ্দেশ্য ছাত্রসমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন কঠিন সময়ে কীভাবে নিজেকে ভালো রাখতে ও পরিস্থিতি মোকাবিলা করতে পারে, সে বিষয়ে সচেতন হয়—আমরা সেই জায়গায় কাজ করতে চাই। হয়তো এটি খুব বড় কোনো উদ্যোগ নয়, কিন্তু এই ছোট উদ্যোগই কারও জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আত্মসচেতনতা ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
আরটিভি/টিআর


