
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের বহনকারী ক্যাম্পাসমুখী বিশ্ববিদ্যালয়ের বাস থামিয়ে এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে ঐ এলাকার স্থানীয় ছাত্রদলের বিরুদ্ধে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধুনাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল কুদ্দুস চৌধুরীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আমিনুল কুদ্দুস চৌধুরী জানান, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে যোগ দিতে তিনি চট্টগ্রাম শহরের বহদ্দারহাট থেকে চুয়েটগামী একটি বাসে ওঠেন। পথে মধুনাঘাট এলাকায় বাসটি থামানো হলে পরিস্থিতি দেখতে তিনি বাস থেকে নামেন। এ সময় সেখানে কী ঘটছিল, সে বিষয়ে আগে থেকে তার কোনো ধারণা ছিল না।
তিনি অভিযোগ করেন, কাউকে ফোন করার জন্য মোবাইল বের করতেই একদল লোক তাকে ঘিরে ধরে। এরপর তাকে হেনস্তা করা হয় এবং জামাকাপড় ধরে টানাটানি করা হয়। একপর্যায়ে তার চুল ধরে টানাটানি ও মারধর করা হয়। তাকে সেখান থেকে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়। এ সময় তাকে ছাত্রলীগ ও শিবিরের ট্যাগ দিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আমিনুল আরও জানান, পরিস্থিতি খারাপ হয়ে উঠলে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে সহায়তা করেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেন। তাদের সহযোগিতায় তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে উপাচার্য ভবনে প্রবেশের পর আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে দুপুর ১২টার মধ্যে ভবন ছাড়ার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে ভবন না ছাড়লে সেটিকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা করার পাশাপাশি ফটকে তালা দেওয়া এবং বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন তারা।
আলটিমেটামের সময়সীমা পেরোলেও দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য ভবনের ভেতরের ফটকে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। বর্তমানে নতুন উপাচার্য ভবনের ভেতরে অবরুদ্ধ অবস্থায় আছেন।
এদিকে, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছেন চুয়েটের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। হামলার প্রতিবাদ জানানো এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজকেরা কর্মসূচিতে সবার উপস্থিতি কামনা করেছেন।
আরটিভি/ এসকেডি



