
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঘোষিত ‘জবিয়ানদের গরুভোজ’ কর্মসূচিতে অংশ নিতে টোকেন সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের পর বেলা ৩টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টোকেন সংগ্রহ করতে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গরু ও খাসি জবাই করে মাংস রান্নার প্রস্তুতি নেন আয়োজকেরা। নিবন্ধন করা শিক্ষার্থীদের ৭০ টাকা ফি পরিশোধের প্রমাণ যাচাই করে টোকেন দেওয়া হচ্ছে। আয়োজকেরা জানান, টোকেন দেখিয়ে খাবার সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। খাবারের মেন্যুতে রয়েছে গরুর মাংস ও খিচুড়ি। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য খাসির মাংসেরও আয়োজন করা হয়েছে।
আয়োজকদের একজন বলেন, ‘সকাল থেকেই সুশৃঙ্খলভাবে গরু জবাই থেকে শুরু করে রান্নার প্রস্তুতিসহ সব কাজ শেষ করেছি। যাঁরা আগে নিবন্ধন করেছেন, তাঁদের নিবন্ধনের প্রমাণ যাচাই করে টোকেন দেওয়া হচ্ছে। গরুতে প্রায় তিন মণের মতো মাংস রয়েছে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য খাসিও রান্না করা হয়েছে।’
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পূর্বঘোষিত এ কর্মসূচির জন্য ১ লাখ ২৫ হাজার টাকায় একটি গরু কেনেন শিক্ষার্থীরা। পাশাপাশি সব ধর্মের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পারস্পরিক সম্প্রীতির বার্তা দিতে একটি খাসিও কেনা হয়। কর্মসূচিতে অংশ নিতে জনপ্রতি ৭০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রশাসনের দেওয়া বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে এ কর্মসূচির সূত্রপাত হয়। এর প্রতিবাদে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে তাঁরা শুক্রবার ‘জবিয়ানদের গরুভোজ’ কর্মসূচি ঘোষণা করেন।
আরটিভি/ এসকেডি


