
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কোটা আবেদন প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক আবেদনের সময় কোটার জন্য আবেদন করতে হবে না। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর বিষয় পছন্দক্রম (সাবজেক্ট চয়েজ) দেওয়ার সময় কোটা আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
রোববার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর সাবজেক্ট চয়েজের সময় কোটার আবেদন গ্রহণ করা হবে। ফলে প্রাথমিক আবেদনপর্বে কোটা সংক্রান্ত কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নেই।
এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে সাত ধরনের কোটা রাখা হয়েছে। এগুলো হলো—মুক্তিযোদ্ধার সন্তান কোটা (FFQ), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা (SEQ), হরিজন ও দলিত কোটা (HDQ), প্রতিবন্ধী কোটা (PDQ), খেলোয়াড় কোটা (BKSP), বিদেশি নাগরিক কোটা (FCQ) ও পোষ্য কোটা (WQ)।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় ৭২ নম্বরের মধ্যে ন্যূনতম ২৪ নম্বর পেতে হবে। এ নম্বর অর্জনকারীরা ভর্তির প্রাথমিক যোগ্য বলে বিবেচিত হবেন। তবে পরীক্ষার কোনো বিষয়ে ৬ নম্বরের কম পেলে ভর্তির জন্য বিবেচিত হবেন না।
এর আগে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় প্রাথমিক আবেদনের সময়ই কোটা উল্লেখ করার কথা বলা হয়েছিল। একই সঙ্গে পরবর্তী সময়ে কোটা অন্তর্ভুক্তির কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছিল। নতুন নির্দেশনার মাধ্যমে আগের সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। জবির ভর্তি আবেদনে কোটা নিয়ে নতুন নির্দেশনা
আরটিভি/ এসকেডি




