
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা পুনর্বহালের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে যথাসময়েই শীতকালীন ছুটি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন উপাচার্য।
রোববার (২৯ নভেম্বর) জকসুর পক্ষ থেকে উপাচার্যের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের পারিবারিক ও ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় নিয়ে শীতকালীন ছুটি পুনর্বহালের দাবি জানানো হয়।
জকসুর পক্ষ থেকে জানানো হয়, স্মারকলিপির পরিপ্রেক্ষিতে উপাচার্য যথাসময়ে শীতকালীন ছুটি দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ছুটি ফিরে পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
এ বিষয়ে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ‘শীতকালীন ছুটি শিক্ষার্থীদের কাছে শুধু কয়েক দিনের অবকাশ নয়, বরং সারা বছরের ক্লান্তি শেষে পরিবারের কাছে ফেরার একটি বড় সুযোগ। অধিকাংশ শিক্ষার্থী পরিবার থেকে দূরে থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা করেন। অনেকেরই সারা বছর বাড়ি যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। বছরের শেষে এই ছুটিটুকুই মা-বাবা, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেয়।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল না থাকায় শিক্ষার্থীদের অনেককেই মেসে থেকে নানা সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করতে হয়। ভর্তি পরীক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই কারণে শিক্ষার্থীদের একমাত্র স্বস্তির সময়টুকুও কেড়ে নেওয়া কতটা যৌক্তিক, তা বিবেচনা করা প্রয়োজন। আমরা চাই, শিক্ষার্থীদের বাস্তবতা ও আবেগকে গুরুত্ব দিয়ে শীতকালীন ছুটি যথাসময়ে বহাল রাখা হোক। ছুটি কোনো বিলাসিতা নয়, এটি শিক্ষার্থীদের প্রয়োজন।’
জকসুর সমাজসেবাবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ঢাকার বাইরে থেকে এসে পড়াশোনা করেন। পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবাসিক হল না থাকায় অনেক শিক্ষার্থীকে মেসে থেকে পড়াশোনা করতে হয়। বছরের শেষে শীতকালীন ছুটিতে শিক্ষার্থীরা পরিবারের কাছে ফেরার সুযোগ পান। তাই শিক্ষার্থীদের আবাসনসংকট ও পারিবারিক বাস্তবতা বিবেচনায় শীতকালীন ছুটি পুনর্বহালের দাবি জানিয়েছি। উপাচার্য মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন, যথাসময়েই শিক্ষার্থীরা ছুটি পাবেন।’
উল্লেখ্য, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের কারণে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বাতিল হওয়া ছুটি পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয়ের কথা জানানো হয়।
আরটিভি/ এসকেডি




