ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

৬ সদস্য নিয়ে অনলাইনে চুয়েটের সিন্ডিকেট সভা আয়োজন

চুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম
ছবি : আরটিভি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যেই মাত্র ছয়জন সদস্যকে নিয়ে অনলাইনে সিন্ডিকেট সভা করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যোগাযোগের ঘাটতি দূর করার বিষয়ে আলোচনা হয়। তবে সভা থেকে বড় কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন অংশগ্রহণকারী এক সিন্ডিকেট সদস্য।

এক সিন্ডিকেট সদস্য জানান, সভায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কোথাও ভুল-বোঝাবুঝি বা যোগাযোগের ঘাটতি থাকলে তা দূর করার বিষয়ে সদস্যরা মতামত দিয়েছেন। তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে উপাচার্য জানাবেন।

সভায় অংশ নেওয়া আরেক সিন্ডিকেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদুর রহমান বলেন, "উপাচার্য ছাড়া চুয়েটের অন্য কোনো শিক্ষক সদস্য সভায় উপস্থিত ছিলেন না। সভার বিষয়ে উপাচার্য নিজেই বিস্তারিত জানাবেন বলে তিনি মন্তব্য করতে চাননি।"

চুয়েটের সিন্ডিকেটে মোট সদস্য ১৭ জন। তবে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের পদটি বর্তমানে শূন্য। সভায় অনুপস্থিত কয়েকজন সদস্য জানিয়েছেন, ছুটি, পরিবারের সদস্যের অসুস্থতা ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে তারা সভায় যোগ দিতে পারেননি।

এদিকে সিন্ডিকেটের সচিবের দায়িত্বে থাকা রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শেখ মোহাম্মদ হুমায়ুন কবির দাবি করেছেন, তিনি আগেই রেজিস্ট্রারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। ফলে সিন্ডিকেটের সচিব হিসেবেও তিনি আর দায়িত্ব পালন করছেন না।

প্রায় ৩০ ঘণ্টা উপাচার্য ভবনে অবরুদ্ধ থাকার পর গত মঙ্গলবার ক্যাম্পাস ছাড়েন অধ্যাপক শেখ শরীফুল আলম। জেলা প্রশাসন ও পুলিশ তাকে ভবন থেকে বের করে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ফিরে তিনি সিন্ডিকেট সভা আহ্বান করেন। সভার সিদ্ধান্ত জানতে উপাচার্যের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এতে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ একাডেমিক কার্যক্রম।

সিন্ডিকেট সভায় শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টি আলোচনায় এলেও কবে নাগাদ ক্লাস-পরীক্ষা শুরু হবে, সে বিষয়ে কোনো নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইন ও বিচার বিভাগে ইন্টার্নশিপের সুযোগ পেল ইবির তিন শিক্ষার্থী
আইন ও বিচার বিভাগের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ১৪ জনকে ইন্টার্ন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের তিন মাস মেয়াদে ইন্টার্নশিপ করার সুযোগ দেন মন্ত্রণালয়। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে সুযোগ পেল তিন শিক্ষার্থী। 
আইন ও বিচার বিভাগে ইন্টার্নশিপের সুযোগ পেল ইবির তিন শিক্ষার্থী
ক্যাম্পাসে সম্প্রীতি বজায় রাখতে জবি ছাত্রদলের আহ্বান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সব পক্ষের প্রতি সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
ক্যাম্পাসে সম্প্রীতি বজায় রাখতে জবি ছাত্রদলের আহ্বান
জবিতে শনিবারেও গরুভোজ, থাকছে কাওয়ালি সন্ধ্যা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এবার গরুভোজের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিশ্ববিদ্যালয় শাখা। 
জবিতে শনিবারেও গরুভোজ, থাকছে কাওয়ালি সন্ধ্যা
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা বাবুল হোসেন
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)-এর কোষাধ্যক্ষ হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. বাবুল হোসেন। 
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা বাবুল হোসেন
শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর আহ্বান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিগত পরিবর্তনের যুগে সামুদ্রিক খাতের উন্নয়ন এবং ‘মেড ইন বাংলাদেশ’ লক্ষ্য অর্জনে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি।
শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর আহ্বান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের চার শিক্ষার্থী
হাসপাতাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য 
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
প্রশাসনের সহায়তা চেয়েছি, কী করবে সেটা তাদের ব্যাপার: অবরুদ্ধ চুয়েট উপাচার্য