ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

কুবিতে ৮০ লাখ টাকার মাস্টারপ্ল্যান, প্রথম ধাপে হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট

কুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৩ পিএম
ছবি: সংগৃহীত

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন ও শিক্ষার্থীদের জন্য আড্ডা, অবসরযাপন এবং দলগত ছবি তোলার আকর্ষণীয় স্থান তৈরিতে ৮০ লাখ টাকার মাস্টারপ্ল্যান গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আওতায় মুক্তমঞ্চের পশ্চিম পাশে নির্মাণ করা হবে অ্যাসেম্বলি পয়েন্ট, বসার ব্যবস্থা, সিঁড়ি, ল্যান্ডস্কেপিং ও ফুড হাব। পরিকল্পনার প্রথম ধাপে ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে অ্যাসেম্বলি পয়েন্ট।

‎‎সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে অ্যাসেম্বলি পয়েন্ট নির্মাণের জন্য বরাদ্দ ও অনুমোদন পাওয়ার বিষয়টি জানান উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

‎জানা যায়, অ্যাসেম্বলি পয়েন্টের অন্যতম আকর্ষণ হবে একটি স্বতন্ত্র সাইনেজ, যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচয় ও দর্শনকে ধারণ করবে। এতে ‘Learn, Create, Connect and Lead’ এই চারটি শব্দ স্থান পাবে, যা বিশ্ববিদ্যালয়ের মিশন ও ভিশনের মূল ভাবনাকে তুলে ধরবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, নতুন জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবন, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা এবং দেশ ও সমাজের উন্নয়নে নেতৃত্ব প্রদানের প্রত্যয় প্রকাশ পাবে। নান্দনিক নকশার এই সাইনেজ বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয় তুলে ধরার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিংয়েও ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

‎‎এ ছাড়া অ্যাসেম্বলি পয়েন্টের পাশে কলা অনুষদের নিচে ছয়টি স্টলসহ একটি পূর্ণাঙ্গ ফুড হাব এবং তার সামনে শিক্ষার্থীদের বসা, দলগত অধ্যয়ন ও অবসর সময় কাটানোর উপযোগী পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷

‎প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ক্যাম্পাসকে আরও নান্দনিক ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে প্রায় ৮০ লাখ টাকার একটি মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়েছে। এর প্রথম পর্যায়ে টিলার ওপরের অংশকে অ্যাসেম্বলি পয়েন্ট হিসেবে গড়ে তোলা হবে। এ কাজের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ১৫ লাখ টাকার বরাদ্দ ও অনুমোদন পাওয়া গেছে।

‎প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস. এম. শহিদুল হাসান বলেন, "প্রথম ধাপের কাজ শেষ হলে দ্বিতীয় ও তৃতীয় ধাপে অ্যাসেম্বলি পয়েন্টের পরিসর বাড়ানো হবে। এ সময় ছয়টি স্টলসহ একটি পূর্ণাঙ্গ ফুড হাব গড়ে তোলা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের খাবারের সুবিধার পাশাপাশি আড্ডা ও অবসর কাটানোর পরিবেশ তৈরি হবে। এ ছাড়াও মাস্টার প্ল্যানের আওতায় বিশ্ববিদ্যালয়ের নীল রঙের বাসগুলো রাখার স্থানটি ল্যান্ডস্কেপিং ও সৌন্দর্যবর্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।"

‎‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, "দায়িত্ব গ্রহণের পর থেকেই ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদের কল্যাণ, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মুক্তমঞ্চের পাশের নীল বাস রাখার স্থান থেকে শুরু করে কলা অনুষদের নিচে পর্যন্ত বিস্তৃত জায়গাটি নিয়ে একটি মাস্টার প্ল্যান রয়েছে। তা বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ইউজিসি থেকে অ্যাসেম্বলি পয়েন্ট নির্মাণের অনুমোদন পেয়েছি। মাস্টার প্লেনের অবশিষ্ট উন্নয়নকাজ প্রয়োজনীয় অনুমোদন ও বরাদ্দ সাপেক্ষে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।"

‎তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের জন্য সুন্দর, সৃজনশীল ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাসের পরিবেশ গড়ে তোলার পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর সবার সহযোগিতায় এসব উদ্যোগ ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।"

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আমজনতার তারেক রহমান কুবি ছাত্রদলের কর্মী ছিলেন’
আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নকালে ছাত্রদলের কর্মী ছিলেন বলে দাবি করেছেন কুবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভ।
‘আমজনতার তারেক রহমান কুবি ছাত্রদলের কর্মী ছিলেন’
কান ফাটানোর ঘটনায় যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জুয়েল আল ইমরানকে কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কান ফাটানোর ঘটনায় যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার
১৪তম বছরে মেরিটাইম ইউনিভার্সিটি, স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর নিয়ে অপেক্ষা
দেশের সমুদ্রসম্পদ, নীল অর্থনীতি ও সামুদ্রিক খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ১৩ বছর পূর্ণ করে ১৪তম বছরে পদার্পণ করেছে।
১৪তম বছরে মেরিটাইম ইউনিভার্সিটি, স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর নিয়ে অপেক্ষা
রাকসুর মেয়াদ শেষ আজ, পরবর্তী নির্বাচন নিয়ে দৃশ্যমান প্রস্তুতি নেই
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে সোমবার (২৬ অক্টোবর)। তবে পরবর্তী নির্বাচন আয়োজন নিয়ে এখনো কোনো আলোচনা বা দৃশ্যমান প্রস্তুতি নেই।
রাকসুর মেয়াদ শেষ আজ, পরবর্তী নির্বাচন নিয়ে দৃশ্যমান প্রস্তুতি নেই
তেলাপোকা, আঁশটে পোকা, মুরগির পচা মাংস —কী নেই ডিআইইউর ক্যান্টিনের খাবারে!
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারের মান ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ অব্যাহত রয়েছে। খাবারে পোকা পাওয়া, পচা মাংস সংরক্ষণ এবং রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে আগেও অভিযোগ উঠেছে।
তেলাপোকা, আঁশটে পোকা, মুরগির পচা মাংস —কী নেই ডিআইইউর ক্যান্টিনের খাবারে!