
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই আনন্দ সূত্রধর।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া শিক্ষার্থী চন্দন সূত্রধর বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২১-২২ সেশনের অধ্যয়নরত শিক্ষার্থী ছিলেন। এছাড়াও জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তিনি। তার মাথায় এখনো বুলেট আছে বলে জানান তার সহপাঠী ও শিক্ষক। তার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। তার বাবার নাম অনীল সূত্রধর ও মায়ের নাম সন্ধ্যা সূত্রধর বলে জানা গেছে।
এ বিষয়ে চন্দনের সহপাঠী আজিজুর রহমান বলেন, ডেঙ্গুতে আমার বন্ধুকে হারাতে হবে, এটা কখনো কল্পনাও করিনি। একজন প্রাণবন্ত মানুষ এভাবে অকালে চলে যাবে, বিষয়টি মেনে নেওয়া খুবই কঠিন। তার চলে যাওয়ায় আমরা একজন বন্ধুকে হারিয়েছি, যা কখনও পূরণ হওয়ার নয়। ডেঙ্গু এখন আর সাধারণ কোনো বিষয় নয়, এটি ভয়াবহ প্রাণঘাতী হয়ে উঠেছে। তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। আর কোনো পরিবার যেন এভাবে প্রিয়জনকে না হারায়।
এবিষয়ে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক ত্বহা হুসাইন বলেন, খবরটি শুনে আমি মর্মাহত। হঠাৎ করে তার চলে যাওয়া যেন বিশ্বাস করতে পারছি না। ছেলেটি খুবই ভালো ছিল। সে একজন জুলাই যোদ্ধাও ছিল। মাঝে মাঝেই তার সাথে কথা হতো।
আরটিভি/এমএম



