
জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমান বেরোবি শিক্ষার্থী চন্দন সূত্রধর রাজ। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২ নভেম্বর) রাতে চন্দন সূত্রধরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মোমবাতি প্রজ্জ্বলন ও জুলাই আন্দোলনে তার বীরোচিত ভূমিকার প্রতি সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে, রোববার (১ নভেম্বর) চন্দন সূত্রধর সন্ধ্যায় ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেরোবির পক্ষ থেকে চন্দন সূত্রধর রাজকে জুলাই শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জানানো হয়। একই সঙ্গে তার চিকিৎসার ক্ষেত্রে প্রশাসনের উদাসীনতা ও অবহেলার অভিযোগের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার দাবি তোলা হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেরোবি শাখার আহ্বায়ক শাহরিয়ার সোহাগ বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী হয়েও এভাবে বিনা চিকিৎসা ও অবহেলায় তার মৃত্যুবরণ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রের জন্য লজ্জার। চন্দনের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানাই। একই সঙ্গে চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা প্রশাসনিক উদাসীনতা থাকলে তার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতার দাবি জানাচ্ছি।
এছাড়াও সংগঠনটি, চন্দন সূত্রধর রাজের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায় এবং তার আত্মার শান্তি কামনা করেন।
আরটিভি/ এসকেডি



