
‘We are Sheikh Hasina’s Men (আমরা শেখ হাসিনার লোক)’—এমন বক্তব্যসংবলিত ফেসবুক প্রোফাইলের অধিকারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর আবুল কালাম আজাদকে পদ থেকে অপসারণের দাবিতে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ঐক্য পরিষদ নামে একটি সংগঠন। সংগঠনটির অভিযোগ, একজন বিশ্ববিদ্যালয় প্রক্টরের দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা, শিক্ষার্থীবান্ধব মনোভাব ও রাজনৈতিক প্রভাবমুক্ত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রক্টরের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির অফিসিয়াল ই-মেইলে পাঠানো স্মারকলিপির একটি সংযুক্ত কপি থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে প্রক্টর আবুল কালাম আজাদের ফেসবুক প্রোফাইলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে ঘিরে একাধিক পোস্ট এখনও দৃশ্যমান রয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এসব পোস্টের মাধ্যমে তার রাজনৈতিক অবস্থান ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালনের উপযুক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তির কাছ থেকে সব শিক্ষার্থীর প্রতি সমান আচরণ, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা প্রত্যাশিত। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক অবস্থান প্রকাশের বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি করতে পারে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা একজন কর্মকর্তার ক্ষেত্রে এ ধরনের বিতর্কিত অবস্থান গ্রহণযোগ্য নয় বলে মনে করে সংগঠনটি।
এছাড়া স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রক্টরের দায়িত্ব পালনের ক্ষেত্রে তার ভূমিকা, নিরপেক্ষতা ও অতীত কর্মকাণ্ড পর্যালোচনার দাবি তোলা হয়েছে।
সংগঠনটি মনে করে, বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের প্রচার বা প্রভাব বিস্তারের জায়গা নয়। বরং শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও ন্যায়সংগত অধিকার নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান দায়িত্ব। এ অবস্থায় প্রক্টরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে তাকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে সংগঠনটি।
তবে এসব অভিযোগের বিষয়ে প্রক্টর আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বাধ্য হয়ে এসব পোস্ট করতে হয়েছে। পরবর্তী সময়ে আমি সেগুলো ডিলিট করে দিয়েছি। এরপরও যদি আমার প্রোফাইলে কোনো পোস্ট থেকে থাকে, তাহলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমি তথ্যপ্রযুক্তি সম্পর্কে তেমন কিছু বুঝি না। একটি মহল আমার নামে মিথ্যাচার চালাচ্ছে এবং আমার আইডি হ্যাক করারও চেষ্টা করছে। যারা আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলছেন, তাদের আমি চ্যালেঞ্জ জানাচ্ছি—তারা যেন প্রমাণ করেন যে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
আরটিভি/জেএমএ




