
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য সাখাওয়াত হোসেন জিকুর উদ্যোগে আয়োজিত মিছিলটি বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।
এ সময় সাখাওয়াত হোসেন জিকু বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তাদের ধর্মঘটের নামে কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই। ধর্মঘটের আড়ালে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এসব কর্মসূচি প্রতিহত করা হবে।
আরটিভি/এসএস




