
গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর ছাত্রদল।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজনের নেতৃত্বে মিছিলটি মাওনা চৌরাস্তা এলাকা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিল থেকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন বলেন, পলাতক গোষ্ঠী রাতের আঁধারে বিচ্ছিন্নভাবে গোপনে মিছিল করে আবার গা ঢাকা দিচ্ছে। তারাই আবার বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে শিল্পকারখানার শ্রমিকদের উসকানি দেওয়ার চেষ্টা করছে। এসব অপতৎপরতা সম্মিলিতভাবে প্রতিহত করবে ছাত্রদল।
তিনি আরও বলেন, দেশের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। দেশের নিরাপত্তা রক্ষায় ছাত্রদলের কর্মীরা দিন-রাত পাহারায় থাকবে। কোনো অপশক্তি যাতে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
সমাবেশ থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি যে কোনো ধরনের নৈরাজ্য, গুজব ও উসকানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আরটিভি/আইএম



