
তুরস্কের আনাতোলিয়ায় বসছে বিশ্ব জলবায়ু সম্মেলনের সমসাময়িক গুরুত্বপূর্ণ আয়োজন (কপ-৩১)। এই বৈশ্বিক আসরে ‘কমিউনিটি-লিড অ্যাডাপটেশন অ্যান্ড ক্লাইমেট জাস্টিস’ (সম্প্রদায়-নেতৃত্বাধীন অভিযোজন এবং জলবায়ু ন্যায়বিচার) শীর্ষক উচ্চপর্যায়ের সেমিনারে অনলাইন বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ইমরুল কবির। আগামী ১৪ নভেম্বর এই আন্তর্জাতিক সেশনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জলবায়ু পরিবর্তন, সম্প্রদায় উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করে তরুণ গবেষক হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন এই শিক্ষক। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার মোট ১৯টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থা উইলে (Wiley) ও এলসেভিয়ারের (Elsevier) অধীন বিভিন্ন জার্নালে তার ৫টি গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে।
শিক্ষাজীবনেও তিনি রেখেছেন প্রতিভার স্বাক্ষর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ২০১৮ সালে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। পরবর্তীতে একই ইনস্টিটিউট থেকে থিসিসসহ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ২০২২ সালে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং বর্তমানে একই বিভাগে সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করছেন।
বিশ্লেষকদের মতে, তুরস্কের এই আন্তর্জাতিক সম্মেলনে তার অংশগ্রহণ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের সংকট, স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা এবং জলবায়ু ন্যায়বিচারসংক্রান্ত গবেষণাকে বৈশ্বিক দরবারে জোরালোভাবে তুলে ধরার একটি অনন্য সুযোগ। এর মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হবে দেশের ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি।
উল্লেখ্য, এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অন্য বক্তারা হলেন—ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ESDO) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান, বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্টের (BRID) সিনিয়র রিসার্চ অফিসার মো. নোমান আমিন এবং শিকড়ের (SHISUK) সিনিয়র রিসার্চ অফিসার রাইসুল সাকফাত। এছাড়া আয়োজনে সহযোগী ও অংশগ্রহণকারী সংস্থা হিসেবে যুক্ত রয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ইএসডিও, বিআরআইডি এবং শিশুক।
আরটিভি/জেএমএ




