
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে ইশার আজানের সময় গান বন্ধ করতে বলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠনটির সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ আহত হয়েছেন বলে দাবি করেছেন নেতাকর্মীরা।
এ ছাড়া ঘটনার ভিডিও ধারণ করতে গেলে জবি রিপোর্টার্স ইউনিটির সদস্য আবু সায়েমের মুঠোফোন কেড়ে নেওয়া হয়।। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রশক্তি।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান চলছিল। এতে জাতীয় সংসদের হুইপ মিয়া মোহাম্মদ নূরুদ্দীন অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও অংশ নেন। বিকেলে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এ সময় ইশার আজান চলাকালেও সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ অনুষ্ঠানস্থলের কাছাকাছি হওয়ায় মুসল্লিদের নামাজে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কা থেকে আজানের সময় সাউন্ড বক্স বন্ধ রাখার অনুরোধ করেন শাখা ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ নিয়ে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে ছাত্রশক্তির সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ আহত হন বলে দাবি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
এদিকে, ঘটনার ভিডিও ধারণ করতে গেলে জবি রিপোর্টার্স ইউনিটির সদস্য আবু সায়েমের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে মহসিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে এ বিষয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান তিনি। মহসিন বলেন, ‘ফোন কেড়ে নেওয়া আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম, তিনি ছাত্রশক্তির কেউ। আমার এই ভুলের জন্য আমি ক্ষমা চাই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, ইশার আজানের সময়ও তাঁরা সাউন্ড বক্সে গান বাজাচ্ছিলেন। আমরা শুধু বলেছি, ভাই, আজানের সময় গান বন্ধ রাখতে হয়। এটা তো সাধারণ একটা বিষয়। কিন্তু এরপর তাঁরা উত্তেজিত হয়ে পড়েন। তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। আমরা তাদের বুঝিয়ে অনুরোধ করার পরও তাঁরা আমাদের ওপর তেড়ে আসেন এবং হামলা চালান। এতে আমাদের দুজন গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে শাখা ছাত্রশক্তি। সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচির মাধ্যমে হামলার প্রতিবাদ জানাবেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদ বলেন, দুপুরের দিকে আমরা অনুষ্ঠানে সবাই ছিলাম। তবে বিকেলের দিকে হঠাৎ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা শুনেছি, আজানের সময় সাউন্ড বক্স বন্ধ করতে বলায় এ হামলার ঘটনা ঘটেছে। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাঁরাও অনুষ্ঠান শেষ করেছেন। আশা করছি, আর কোনো সমস্যা হবে না।
এ বিষয়ে বক্তব্য জানতে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।
আরটিভি/এসআর




