
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতার অভিযোগে সমালোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পদোন্নতি পেয়েছেন।
শিক্ষার্থীদের গ্রেপ্তারে সহযোগিতা ও আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে তাঁর ভূমিকা নিয়ে সে সময় ক্যাম্পাসে ব্যাপক ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছিল। তবে এসব অভিযোগের তদন্ত কিংবা জবাবদিহি নিশ্চিত না করেই তাকে উচ্চতর স্কেলের গ্রেড-২ পদে পদোন্নতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পদোন্নতির পর উপাচার্যের কাছ থেকে ফুলেল শুভেচ্ছাও পেয়েছেন তিনি। এ ঘটনায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
গত বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় উচ্চতর স্কেলের গ্রেড-১ ও গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।
এতে দুইজন অধ্যাপক গ্রেড-১ এবং ১৪ জন অধ্যাপক গ্রেড-২ পদে পদোন্নতি পান। তাদের মধ্যে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে ছিলেন। ওই সময় আন্দোলনে অংশ নেওয়ায় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবীকে ১৯ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) মাধ্যমে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ছাড়া ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল নিয়ে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
জুলাই আন্দোলনে তার ভূমিকা নিয়ে সে সময় থেকেই ক্যাম্পাসে অসন্তোষ তৈরি হয়। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা একজন প্রক্টরের বিরুদ্ধে শিক্ষার্থী গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ ওঠায় বিষয়টি ব্যাপক বিতর্কের জন্ম দেয়। অভিযোগগুলোর তদন্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত না করে পদোন্নতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে জুলাই আন্দোলনের সময় সাবেক প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ তোলা সমন্বয়ক ও জকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নূর নবী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব পালনের সুবাদে তৎকালীন প্রক্টর জাহাঙ্গীরের প্রত্যক্ষ মদদ ও নেতৃত্বে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা এবং তাদের পুলিশের গুলির মুখে ঠেলে দেওয়ার ঘটনা কাছ থেকে দেখেছি।
তিনি বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই লক্ষ্মীবাজার ও আশপাশের এলাকায় নির্বিচার গুলিতে ১৭ জন শহীদ হন। আন্দোলনের নেতৃস্থানীয় হিসেবে আমাকেও গুম করানো হয়েছিল। অথচ এসব অভিযোগের পরও বর্তমান উপাচার্য সাবেক ওই প্রক্টরকে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করেছেন।
উপাচার্যের সমালোচনা করে নূর নবী আরও বলেন, এ ঘটনাকে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছি। প্রকাশ্যে সন্ত্রাসবিরোধী অবস্থান দেখালেও পর্দার আড়ালে নিপীড়কদের পুনর্বাসনের মাধ্যমে বর্তমান উপাচার্যের দ্বিচারিতা ও ভণ্ডামি প্রকাশ পেয়েছে। এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর গুলি ও গ্রেপ্তারের ঘটনায় প্রক্টর জাহাঙ্গীরের ভূমিকা আমরা ভুলিনি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পদোন্নতি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান স্পষ্ট করেছে। প্রশাসন তার সঙ্গে সমঝোতা করলেও আমরা তাকে ছাড় দেব না। আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল আরটিভিকে বলেন, আমরা আজ অনানুষ্ঠানিকভাবে উপাচার্য স্যারকে জানিয়েছি, জুলাইয়ে যাঁদের হাতে রক্ত লেগে আছে, তাদের এ ধরনের পদোন্নতি আমরা মেনে নেব না। উপাচার্য স্যার আমাদের জানিয়েছেন, এটি একটি একাডেমিক নিয়ম। কিন্তু আমরা বলেছি, একাডেমিক নিয়মের বেড়াজালে আওয়ামী লীগের দোসরদের স্থান দেওয়া চলবে না। আমরা উপাচার্যের কাছে বিষয়টি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছি।
‘এ ছাড়া যেহেতু এটি একাডেমিক ও ইউজিসির প্রচলিত নিয়মের বিষয়, তাই ছাত্রদলের পক্ষ থেকে ইউজিসির কাছেও চিঠি দেওয়া হবে। স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে যেন একাডেমিকভাবেই ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি জানাব।’
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম আরটিভিকে বলেন, সাবেক প্রক্টর জাহাঙ্গীর সরাসরি জুলাই বিপ্লবের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের স্বার্থে পুলিশের হাতে সোপর্দ করেছেন। তার মতো একজন চিহ্নিত স্বৈরাচারকে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন যেভাবে সংবর্ধনা দিয়েছেন, তাতে আমরা মনে করি, তিনি জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করেছেন।
‘উপরে উপরে স্বৈরাচারবিরোধী র্যালি ও সমাবেশ করছেন, অন্যদিকে এমন ব্যক্তিদের ডেকে এনে পদোন্নতি দিচ্ছেন। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম দ্বিচারিতা এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল। সমাজে ভালো সাজতে তিনি অভিনব কৌশল অবলম্বন করছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন দৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডেরও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এই পদোন্নতি বাতিল করতে হবে এবং কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে এই প্রতারণার জবাব উপাচার্যকে দিতে হবে।’
শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় যাদের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে, তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অভিযোগগুলোর নিষ্পত্তি না করে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তাদের দাবি, পদোন্নতির বিষয়টি পুনর্বিবেচনার পাশাপাশি ওই সময়ের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত করতে হবে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নি।
আরটিভি/এসআর




