
শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের গণপরিবহন ব্যবহারে বাড়তি সুবিধা দিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়ায় চালিত বিআরটিসির প্রতিটি বাসে তাদের জন্য দুটি করে আসন সংরক্ষিত থাকবে।
রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের আওতায় চলাচল করা নিজস্ব বাসের পাশাপাশি বিআরটিসি থেকে ভাড়া করা দ্বিতল বাসেও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আসন রাখা হবে। প্রতিটি বাসে দুটি আসন তাদের ব্যবহারের জন্য বরাদ্দ থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বাসচালক ও সহকারীদের এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে।
এদিকে, সিদ্ধান্তটি সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দিতে বিজ্ঞপ্তির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোর ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, রেজিস্ট্রার এবং পরিবহন পুলের চালক ও সহকারীদের কাছে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএম


