
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদে নতুন বিভাগ চালু করার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি অনুষদটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-কর্মকর্তার সংকট দূরীকরণ এবং শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে চারুকলা অনুষদ আয়োজিত বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান তিনি।
চারুকলা অনুষদের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাস্টারপ্ল্যানে অনুষদটির জন্য বিশেষ ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। তবে দ্বিতীয় ক্যাম্পাসের অপেক্ষায় না থেকে বর্তমান ক্যাম্পাসেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর কাজ করা হচ্ছে। বিদ্যমান বিভাগগুলোকে স্বতন্ত্র পরিচয়ে এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন বিভাগ চালুর বিষয়টিও প্রশাসনের পরিকল্পনায় রয়েছে।
শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, চারুকলার শিক্ষার্থীদের প্রত্যেকের মধ্যেই একজন শিল্পী রয়েছেন। সেই শিল্পীসত্তার বিকাশে প্রয়োজনীয় পরিবেশ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা জরুরি। শিল্পের মাধ্যমে মানুষের চিন্তা, ইতিহাস, সংস্কৃতি ও অর্জন সহজেই ফুটে ওঠে। তাই শিল্পীদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি শিল্পচর্চার সুযোগ তৈরি করতে হবে।
উপাচার্য আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে এমনভাবে গড়ে তুলতে চান, যেন দেশের মানুষ চারুকলার পরিচয় দিতে গিয়ে স্বতন্ত্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে। পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের নিবিড় সম্পর্ক রয়েছে। এসব ঐতিহ্যকে শিল্প-সংস্কৃতির মাধ্যমে বৃহত্তর পরিসরে তুলে ধরতে চারুকলা অনুষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয়কে ঘিরে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক বলয় গড়ে তোলার লক্ষ্যেও কাজ করছে প্রশাসন।
জাতীয় ইতিহাস ও ঐতিহ্যকে শিল্পের মাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ও জাতীয় অর্জন শিল্পচর্চায় প্রতিফলিত হওয়া প্রয়োজন। শিল্পীদের সৃষ্টিকর্মে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতিসত্তার প্রতি শ্রদ্ধার প্রকাশ ঘটবে—এমনটাই প্রত্যাশা। চারুকলা অনুষদের শিক্ষার্থীরা নিজেদের শিল্পকর্মের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে পরিচিত করার পাশাপাশি দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় অবদান রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান। বিশেষ অতিথি ছিলেন ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলপ্তগীন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্মাদসহ অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী প্রতিযোগিতায় তিন বিভাগের প্রথম স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের মধ্যে ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের তানজিলা আক্তার দোলা, প্রিন্টমেকিং বিভাগের সুরাইয়া ইয়াসমিন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের দেবব্রত ভৌমিক রয়েছেন।
এ ছাড়া চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের ১১তম, ১২তম ও ১৩তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
আরটিভি/এমএম




