
বাংলাদেশের ইংরেজি একাডেমিয়ায় গবেষণার গতানুগতিক ধারাকে ছাড়িয়ে এক নতুন দিগন্তের সূচনা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংরেজি বিভাগ।
বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এহতেশাম উল হক ইতেন এবং সহযোগী প্রধান ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ রহমতুল্লাহর সম্পৃক্ততায় একটি গবেষণাভিত্তিক ডিভাইসের (যন্ত্র) নকশা যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে।
সাধারণত সাহিত্য ও মানবিক বিদ্যার গবেষণা জার্নাল প্রকাশনা, বই বা তাত্ত্বিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে গবেষণালব্ধ এই জ্ঞানকে বাস্তব প্রয়োগ, প্রযুক্তিগত উদ্ভাবন ও মেধাস্বত্ব সৃষ্টির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই অর্জন এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
যুক্তরাজ্যের ইনটেলেকচুয়াল প্রপার্টি অফিস (UK IPO) থেকে ‘Interactive Literary Memory Map Display Device’ (ইন্টার্যাকটিভ লিটারারি মেমোরি ম্যাপ ডিসপ্লে ডিভাইস) শীর্ষক এই নকশাটি ‘রেজিস্টার্ড ডিজাইন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর নিবন্ধন নম্বর ৬৫৫৫১৭১।
গত ২২ সেপ্টেম্বর (২০২৬) নকশাটি নিবন্ধিত হয়। এরপর ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এর নিবন্ধন মঞ্জুর করা হয় এবং ১৭ নভেম্বর নিবন্ধনের তথ্য প্রকাশ করা হয়। সরকারি নথিতে এই দুই অধ্যাপক ছাড়াও আরও একাধিক গবেষকের নাম নকশার স্বত্বাধিকারী হিসেবে যুক্ত রয়েছে।
এই প্রস্তাবিত ডিভাইসটির মূল কাজ হলো, ব্যক্তিগত স্মৃতি, সাহিত্য, ছবি, গল্প ও গানকে নির্দিষ্ট কোনো ভৌগোলিক অবস্থানের সঙ্গে যুক্ত করা। উদাহরণস্বরূপ, কারও শৈশবের বাড়িটি হয়তো এখন আর নেই। কিন্তু সেই বাড়ির পুরোনো ছবি বা সেখানে কাটানো বিশেষ মুহূর্তের স্মৃতিগুলো একটি মানচিত্রে সেই বাড়ির অবস্থানের সঙ্গে যুক্ত করে রাখা যাবে। এর ফলে কোনো স্থানকে শুধু তার ভৌগোলিক অবস্থান দিয়ে নয়; বরং মানুষের ব্যক্তিগত ইতিহাস ও সাংস্কৃতিক অভিজ্ঞতার মধ্য দিয়েও উপস্থাপন করা সম্ভব হবে।
ড্যাফোডিল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, সাহিত্য ও মানবিক বিদ্যায় অর্জিত জ্ঞানকে শুধু ব্যাখ্যার মধ্যে আটকে না রেখে ব্যবহারিক উদ্ভাবনে কাজে লাগানো। এটি ‘লিটারারি ম্যাপিং’ এবং ‘ডিজিটাল হিউম্যানিটিজ’এর মতো গবেষণাধারায় একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।
যুক্তরাজ্যের এই ‘রেজিস্টার্ড ডিজাইন’ স্বীকৃতিটি মূলত ডিভাইসটির দৃশ্যমান নকশার সুরক্ষার জন্য দেওয়া স্বতন্ত্র মেধাস্বত্ব। ভবিষ্যতে নকশাটিকে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তিগত ব্যবস্থায় রূপান্তর করতে এবং এর বাস্তব প্রয়োগের জন্য আরও গবেষণা ও উন্নয়নের প্রয়োজন রয়েছে।
এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের ইংরেজি একাডেমিয়ায় আন্তঃবিষয়ক গবেষণা, প্রযুক্তিগত সহযোগিতা এবং সমাজভিত্তিক নতুন গবেষণা প্রকল্প গড়ে তোলার বড় সুযোগ তৈরি হলো। ড্যাফোডিল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ মনে করছে, প্রকাশনার বাইরেও গবেষণার ব্যবহারিক মূল্য ও মেধাস্বত্ব সৃষ্টির যে বিশাল ক্ষেত্র রয়েছে, এই স্বীকৃতি তার একটি অন্যতম সফল দৃষ্টান্ত।
আরটিভি/এসকে




