
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেছেন, আমাদের কাছে সুস্পষ্ট তথ্য আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু ফ্যাসিস্ট শিক্ষক-কর্মকর্তা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে গ্রুপ খুলে নিষিদ্ধ ছাত্রলীগের মাধ্যমে ষড়যন্ত্র করছেন। নাশকতার ষড়যন্ত্রের ইঙ্গিত পেলে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের রাবিতে আর কোনো ক্লাস নিতে দেওয়া হবে না।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শাখা ছাত্রদল আয়োজিত ‘দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সুলতান আহমদ রাহী বলেন, শেখ হাসিনা হাজার হাজার মায়ের বুক খালি করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। ভারতে বসে কীভাবে আবার দেশের টাকা লুটপাট করা যায়, সে জন্য ষড়যন্ত্র করছেন। শেখ মুজিব দেশের গরিব মানুষের প্রতি অবিচার ও বৈষম্য করেছিলেন। যখন দেশের মানুষ দুবেলা খেতে পারত না, তখন তাঁর পুত্রকে সোনার মুকুট পরিয়ে বিয়ে দিয়েছিলেন।
তিনি বলেন, আজকে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশের টাকা লুটপাট করতে না পেরে ভাড়াটে লোকদের টাকা দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছেন। এই বোমার আওয়াজে দেশের মানুষ ভয় পায় না। দেশের মানুষ বাঁশের লাঠি তৈরি করে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছে, এরশাদকে বিদায় করেছে এবং ২০২৪ সালে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সেই বাংলাদেশের মানুষ এই সামান্য পটকা ও বোমার আওয়াজে ভয় পায় না।
আওয়ামীপন্থী শিক্ষকদের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু সন্ত্রাসী ও ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রনেতা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে ষড়যন্ত্র করছেন। সেই তথ্য আমাদের কাছে এসেছে। নাশকতার ইঙ্গিত পেলে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো ক্লাস নিতে দেওয়া হবে না। যেসব ফ্যাসিস্ট শিক্ষক অনলাইনের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগকে পড়াচ্ছেন, তাঁদের ওপর আমরা নজর রাখছি। দেশে যেকোনো ধরনের অরাজকতা হলে এর দায়ভার সংশ্লিষ্ট ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিতে হবে।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুলের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহসভাপতি মেহেদী হাসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরটিভি/টিআর




