ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আসছে নতুন আইন!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
প্রতীকী ছবি

যুক্তরাজ্যে আশ্রয়প্রত্যাশীদের জন্য বিদ্যমান আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন নিয়মে আশ্রয়ের আবেদন চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে আগাম কিছু না জানিয়েই ছয় মাসের মধ্যে বহিষ্কার করতে পারবে ব্রিটিশ হোম অফিস।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যে বর্তমানে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বহিষ্কারের আগে পাঁচ কর্মদিবসের নোটিশ দেওয়া হয়। তবে সরকারের মন্ত্রীদের ধারণা, এই নোটিশের সুযোগ নিয়ে অনেকে শেষ মুহূর্তে আপিল করেন। এতে বহিষ্কার প্রক্রিয়া বিলম্বিত হয়।

ইতোমধ্যে নতুন নিয়মের সমালোচনা করেছে শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা রিফিউজি কাউন্সিল। সংস্থাটি বলেছে, এত অল্প সময়ের নোটিশে মানুষকে বহিষ্কার করলে তাদের মধ্যে অপ্রয়োজনীয় মানসিক চাপ ও উদ্বেগ তৈরি হবে।

শরণার্থী সহায়তাকারী এই দাতব্য সংস্থার পরিচালক ইমরান হুসেইন বলেন, বাস্তবতা হলো জোরপূর্বক প্রত্যাবাসনের চেয়ে স্বেচ্ছায় দেশে ফেরার ব্যবস্থা অনেক বেশি কার্যকর।

তিনি আরও বলেন, মানুষকে মর্যাদার সঙ্গে দেশে ফিরতে সহায়তা করলে তাদের অনেকেই সেই সুযোগ গ্রহণ করবেন। এতে করদাতাদের অর্থও অনেক কম ব্যয় হবে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বর্তমানে পার্লামেন্টে আলোচনাধীন অভিবাসন ও আশ্রয় বিল সংশোধনের মাধ্যমে এই পরিবর্তন আনবেন। নতুন সংশোধনীর মাধ্যমে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর আপিলের সব আইনি সুযোগ শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে আগাম নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হবে।

এর ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বহিষ্কারের ক্ষমতা পাবে। এই ক্ষমতা সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে নতুন নিয়মে অতিরিক্ত কতজনকে বহিষ্কার করা সম্ভব হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে একই ধরনের নীতি চালুর পর ডেনমার্কে বহিষ্কারের অপেক্ষায় থাকা অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার উদাহরণ তুলে ধরেছে তারা।

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ডেনমার্কে একই ধরনের নীতি চালুর পর পাঁচ বছরে বহিষ্কারের অপেক্ষায় থাকা অভিবাসীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে। বর্তমানে দেশটিতে এ ধরনের অভিবাসীর সংখ্যা ১ হাজারের নিচে।

এর আগে, আশ্রয়ের আবেদনসংক্রান্ত দীর্ঘদিনের জট বা ব্যাকলগ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার। ২০২৬ সালের জুনে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদনের প্রাথমিক সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন ৪০ হাজার ১৬৮ জন। এছাড়া আদালতে আপিলের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন আরও ৯০ হাজার ৩৪১ জন।

২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে আশ্রয়ের আবেদনের ৩৮ শতাংশের ক্ষেত্রে আবেদনকারীদের শরণার্থী মর্যাদা দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যে জমা পড়া মোট আশ্রয় আবেদনের ৪০ শতাংশই আসে ছোট নৌকায় করে দেশটিতে প্রবেশ করা ব্যক্তিদের কাছ থেকে। বাকি ৬০ শতাংশ আবেদন করেন এমন ব্যক্তিরা, যারা অন্য অনিয়মিত পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন অথবা বৈধভাবে দেশটিতে আসার পর আশ্রয়ের আবেদন করেছেন।

যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা ও আশ্রয়বিষয়ক মন্ত্রী আনা টারলি এ ব্যাপারে বলেন, যেসব অভিবাসীর আপিল করার অধিকার শেষ হয়ে গেছে, তাদের দ্রুত বহিষ্কার নিশ্চিত করছি আমরা। এর পরিবর্তে তাদের এমন কোনো সুযোগ দেওয়া হবে না, যার মাধ্যমে তারা দেশ থেকে তাদের বৈধ বহিষ্কারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারেন। নতুন বিল অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবে এবং পুরো প্রক্রিয়াকে দ্রুত ও ন্যায়সংগত করবে।

আরটিভি/এসএইচএম


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাজ্য / যাত্রী কিশোরী হলেই ‘ছক কষা’ শুরু করতেন এই বাসচালক
যাত্রী পরিবহনের সুযোগে কিশোরীদের সঙ্গে পরিচয় গড়ে তুলে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যের গার্নসিতে এক সাবেক বাসচালককে ১৫ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
যাত্রী কিশোরী হলেই ‘ছক কষা’ শুরু করতেন এই বাসচালক
কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে ব্রিটিশ লেখক ডেভিড ওয়ালিয়ামস
ব্রিটিশ কৌতুক অভিনেতা ও শিশুতোষ বইয়ের লেখক ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে যৌন নির্যাতন ও কিশোরীদের প্রলোভন দেখিয়ে সম্পর্ক তৈরির অভিযোগে তদন্ত শুরু করেছে লন্ডনের পুলিশ।
কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে ব্রিটিশ লেখক ডেভিড ওয়ালিয়ামস
পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় আবার কারাগারে মেগানের বাবা
যুক্তরাষ্ট্রে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি রাখার অভিযোগে গ্রেপ্তার ব্রিটিশ রাজবধূ মেগান মার্কলের বাবা থমাস মার্কেলকে আবার কারাগারে পাঠানো হয়েছে। 
পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় আবার কারাগারে মেগানের বাবা
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে এক জ্যেষ্ঠ মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
এআই নিয়ে উপন্যাস লিখে বুকার পুরস্কার জিতলেন এম জন হ্যারিসন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সমকালীন বিশ্বসংকট ও ভবিষ্যতের বিপর্যস্ত ব্রিটেনের চিত্র নিয়ে লেখা উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য ২০২৬ সালের বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন।
এআই নিয়ে উপন্যাস লিখে বুকার পুরস্কার জিতলেন এম জন হ্যারিসন
আরও পড়ুন
যুক্তরাজ্যে বাংলাদেশি দুই অধ্যাপকের গবেষণাভিত্তিক ডিজাইন নিবন্ধন
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
যাত্রী কিশোরী হলেই ‘ছক কষা’ শুরু করতেন এই বাসচালক
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী