
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিকের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের পাশে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালিত ক্লাসরুমে শিশুদের হাতে এসব শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের অত্যন্ত ভালোবাসেন। তিনি সবসময় শিশুদের আগামীর বাংলাদেশ হিসেবে উল্লেখ করেন। আপনারা দেখেছেন, আজ তার জন্মদিনেও তিনি শিশুদের উপহার দিয়েছেন। তার শিশুদের প্রতি ভালোবাসা ও এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের স্বপ্ন দেখার পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন ফারহান, যুগ্ম সাধারণ সম্পাদক আকিজ মাহমুদ, জলবায়ুবিষয়ক সম্পাদক আব্দুর রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তৈমুরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, শিশুদের শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবনে উৎসাহ জোগানোর প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
আরটিভি/ এসকেডি




