
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এর আগে কেন্দ্রীয় মসজিদে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সালমা আক্তার, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক আশরাফ সিদ্দিকী এবং বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাবার বিতরণকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা আজ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করেছি এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর প্রয়াসে খাবার বিতরণ করেছি। আমরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
আরটিভি/জেএমএ


