
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে নিজেদের পরিচিতি ও অবস্থান তৈরি করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। পর্যাপ্ত প্রচারণা, আবাসন সুবিধা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারছে না বিশ্ববিদ্যালয়টি। সাতটি অনুষদ, ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউট নিয়ে পরিচালিত এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ১৮ হাজার দেশীয় শিক্ষার্থী পড়াশোনা করছেন। অথচ প্রতিষ্ঠার পর থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল পর্যায়ে সব মিলিয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন মাত্র ছয়জন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কোনো বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত নেই। সর্বশেষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য নেপালের একজন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তবে তার ভর্তি প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। এর আগে এমফিল সম্পন্ন করেছেন মাত্র দুজন বিদেশি শিক্ষার্থী। তাদের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষে আইন বিভাগ থেকে ভারতের শিব শংকর ব্যানার্জি এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফার্মেসি বিভাগ থেকে নাইজেরিয়ার ছাম্মেত সানি এমির ডিগ্রি অর্জন করেন।
অন্যদিকে, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হওয়া চার বিদেশি শিক্ষার্থীর মধ্যে দুজন পড়াশোনা শেষ না করেই দেশে ফিরে গেছেন। ২০২০-২১ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে ভর্তি হওয়া চীনের লিন জিপু ও ম্যা ডিউ জিয়া কোর্স অসমাপ্ত রেখে নিজ দেশে ফিরে যান। এর আগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে গণিত বিভাগে ইয়ো রুকজিয়া এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে কুইন উইজিয়াও ভর্তি হয়েছিলেন। তবে তারা ডিগ্রি সম্পন্ন করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।
চীনের দুই শিক্ষার্থীর মাঝপথে ফিরে যাওয়ার বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তানিয়া তাহমিনা বলেন, তাদের ক্লাস ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছিল। তিনি নিজেও তাদের একটি কোর্স পড়িয়েছেন। তবে সংশ্লিষ্ট সময়ে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্বে না থাকায় তাদের ফিরে যাওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিদেশি শিক্ষার্থী ভর্তিতে জবির পিছিয়ে থাকার অন্যতম কারণ আন্তর্জাতিক পর্যায়ে প্রচারণার অভাব। পাশাপাশি পর্যাপ্ত আবাসন সুবিধা না থাকা, আর্থিক সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা, অবকাঠামোগত দুর্বলতা, ভাষাগত প্রতিবন্ধকতা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিও বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমিয়ে দিচ্ছে। প্রতি বছর স্নাতক প্রথম বর্ষে প্রায় দুই হাজার ৮০০ শিক্ষার্থী ভর্তি হলেও আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণে বিশ্ববিদ্যালয়টির অর্জন এখনো নগণ্য।
বিদেশি শিক্ষার্থী ভর্তি বাড়ানো ও আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান উন্নয়নের লক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে নিয়মিত সভা না হওয়ায় কমিটির কার্যক্রমে স্থবিরতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। কমিটির সদস্য ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান মনে করেন, বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে হলে প্রথমেই তাদের নিরাপত্তা ও উপযুক্ত আবাসন নিশ্চিত করতে হবে।
তিনি নতুন নির্মাণাধীন আবাসিক হলগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য পৃথক ব্লক বরাদ্দের পরামর্শ দেন। তার মতে, দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কার্যকর প্রচারণা ও উদ্যোগের অভাবে বিদেশের শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আপাতত বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর কোনো পরিকল্পনা নেই। তবে প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিভিন্ন দেশের দূতাবাসে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
এসকেডি/ আরটিভি


