
বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক (এনবিপি)’ পেয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী।
সোমবার (২৩ নভেম্বর) নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম তার হাতে এ পদক তুলে দেন।
এর আগে ২১ নভেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ২০২৬ সালের শান্তিকালীন পদকের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ৪০ জন সদস্যকে মনোনীত করা হয়। প্রজ্ঞাপনে রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহীর নাম নৌবাহিনী পদক (এনবিপি) প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
এবারের পদকপ্রাপ্তদের মধ্যে তিনজন নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচজন অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচজন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাতজন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) পেয়েছেন।
নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা, অসামান্য অবদান ও দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এ ধরনের শান্তিকালীন পদক দেওয়া হয়।
উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ষষ্ঠ উপাচার্য। গত ১০ সেপ্টেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি নৌসদর দপ্তরে সহকারী নৌপ্রধান (ম্যাটেরিয়েল) হিসেবে দায়িত্ব পালন করেন।
আরটিভি/জেএমএ




