
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হলের সিট দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি মো. আল ইমরান ছুরিকাঘাতে আহত এবং শুভ ব্রহ্মচারী অজ্ঞান হয়ে গেলে দুজনকেই পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষের একটি সিট দখলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্যানেলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। দুই গ্রুপের মাঝে সংঘর্ষের এক পর্যায়ে জুলাই-৬ হল ছাত্রদলের সভাপতি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আল ইমরান ছুরিকাঘাতে আহত হয় এবং সমাজকর্ম বিভাগের শুভ ব্রহ্মচারী অজ্ঞান হয়ে পড়লে দুজনকেই পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।
খোঁজ নিয়ে আরও জানা যায়, জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে সমাজকর্ম নাঈম হোসেন অবস্থান করতেন। সাম্প্রতিক সময়ে নাঈম ডাবল বেডের অন্য একটি কক্ষে শিফট হলে তার আগের সিটে অন্য এক জুনিয়রকে উঠিয়ে দেন।
ঘটনার সূত্রপাতের বিষয়ে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন ৭১৭ নম্বর কক্ষে গিয়ে নাঈম হোসেনের জুনিয়রের বিছানাসহ তার আসবাবপত্র সরিয়ে নিজের অনুসারী এক শিক্ষার্থীকে সেখানে ওঠানোর চেষ্টা করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে সাধারণ সম্পাদক গ্রুপের তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের নেতাকর্মীরা হলের নিচতলায় জড়ো হন।
পরে হলের নিচতলায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী জুলাই-৬ হলের গেস্ট রুমে আশ্রয় নেন। এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা বাইরে থেকে গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে গেস্ট রুমে অবস্থানরত সভাপতি গ্রপের নেতাকর্মীরা গেস্ট রুমের জানালা ভেঙে হলের পেছনের দিক দিয়ে বেরিয়ে যান বলে জানা গেছে।
তবে, ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সংঘর্ষের ঘণ্টা পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের দেখা যায়নি।
ঘটনার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমি যতটুকু দেখেছি, রুমের সিট দখলকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। সমাজকর্ম বিভাগের ওই সিট নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এক পক্ষ বলছিল, সিটটি তাদের, অন্য পক্ষও একই দাবি করছিল। প্রথমে ধাক্কাধাক্কি শুরু হয়, পরে কয়েক দফায় মারামারি ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বহিরাগত কয়েকজনকে অস্ত্রসহ ক্যাম্পাসে আসতে দেখি। সংঘর্ষের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
স্বাধীনতা হলের সহসভাপতি তুর মোহাম্মদ মুবতাসিম বলেন, আমি বাইরে গেলে রুমেল হোসেন ও তার অনুসারীরা আমার গায়ে হাত তোলেন। ওই হলে আমার কোনো সিটও নেই। আমি শুধু আমার এক সিনিয়রের সঙ্গে সেখানে গিয়েছিলাম।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সংঘর্ষের ঘটনা নিয়ে তারা একটি বৈঠকে রয়েছেন। বৈঠকে থাকায় এ মুহূর্তে বিস্তারিত কথা বলা সম্ভব হচ্ছে না। বৈঠক শেষে এ বিষয়ে কথা বলবেন বলে জানান তারা।
জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ঘটনাটি নিয়ে আমরা হল প্রশাসনের পক্ষ থেকে সবাই মিলে বোর্ড মিটিংয়ে বসেছি। মিটিং শেষে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, আমি বর্তমানে একটি মিটিংয়ে রয়েছি। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। মিটিং শেষে আপনাদের সঙ্গে কথা বলব।
আরটিভি/এসকে



