
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে আসন বরাদ্দ পেয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়।
আসন বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। নিশ্চায়ন সম্পন্ন করার পর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
ভর্তির সময় যেসব কাগজপত্র লাগবে
একাদশ শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীদের সঙ্গে কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে। এর মধ্যে রয়েছে- এসএসসি পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের ছবিঅনলাইন আবেদন কনফার্মেশন পত্র, শিক্ষার্থী ও অভিভাবকের মুঠোফোন নম্বর,মার্কশিট ও সার্টিফিকেটের অনলাইন কপি গ্রহণযোগ্য হলে সেগুলোও সঙ্গে রাখা যাবে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১১ লাখ ৪৪ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে ৯ লাখ ৫৬ হাজার ৫৭১ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন। অর্থাৎ মোট উত্তীর্ণ শিক্ষার্থীর প্রায় ৮৪ শতাংশ একাদশে ভর্তির আবেদন করেছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করেন। শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কলেজে মোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি আবেদন জমা পড়ে।
প্রথম ধাপের ফল অনুযায়ী, ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কোনো না কোনো কলেজে আসন বরাদ্দ পেয়েছেন। অন্যদিকে, বোর্ডের দেওয়া তথ্যে ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও রয়েছেন।
তবে বোর্ডের আরেক তথ্যে প্রথম ধাপে আবেদন করে আসন না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৪১৫ জন বলা হয়েছে। ফলে আসন না পাওয়া শিক্ষার্থীর সংখ্যার বিষয়ে দুই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে।
আসন বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। বোর্ড নির্ধারিত নিশ্চায়ন ফি মোবাইল ব্যাংকিংসহ অনুমোদিত যেকোনো মাধ্যমে পরিশোধ করা যাবে।
নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
নিশ্চায়ন সম্পন্ন করা শিক্ষার্থীদের আগামী ২০ সেপ্টেম্বর রোববার থেকে ২২ সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সরাসরি ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
আরটিভি/এসকে


