
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেশের ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই পাস করেছেন। গতবার এ সংখ্যা ছিল ৩৪৫। অর্থাৎ শতভাগ পাশ করা প্রতিষ্ঠান কমেছে ২০৬টি। এবার ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
চলতি বছরের এইচএসসিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। এতে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
এদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। বোর্ডভিত্তিক ফলাফলে সর্বোচ্চ জিপিএ-৫ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অন্যদিকে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।
বোর্ডভিত্তিক ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে এবার সর্বোচ্চ ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন।
এ ছাড়া যশোর শিক্ষা বোর্ডে ৩ হাজার ২২৮ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ২ হাজার ৯৫৩ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২ হাজার ৯২৯ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২ হাজার ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছেন।উচ্চশিক্ষা গাইড
অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডে ১ হাজার ৩১৩ জন, সিলেট শিক্ষা বোর্ডে ১ হাজার ২০৫ জন এবং বরিশাল শিক্ষা বোর্ডে ৯৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে বরিশালেই জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা সবচেয়ে কম।
এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ২৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
আরটিভি/এসএস


