ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও শীর্ষে ‘১২৩৪৫৬’

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম
কাল্পনিক ছবি

বিশ্বজুড়ে সাইবার হামলা ও তথ্য চুরির ঘটনা বাড়লেও পাসওয়ার্ড ব্যবহারে সচেতন হচ্ছেন না অধিকাংশ মানুষ। সহজে মনে রাখার সুবিধার্থে এখনও ‘123456’, ‘admin’, ‘password’ ও ‘qwerty’-এর মতো দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করছেন কোটি কোটি মানুষ। ফলে ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

লিথুয়ানিয়াভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ড সিকিউরিটির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। প্রতিষ্ঠানটির সহযোগী পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবা নর্ডপাস এবং সাইবার হুমকি শনাক্তকারী প্রতিষ্ঠান নর্ডস্টেলার যৌথভাবে এ গবেষণা পরিচালনা করেছে।

গবেষণায় ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন তথ্য ফাঁসের ঘটনায় প্রকাশ্যে আসা এবং ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়া তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে বিশ্বের ৪৪টি দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত ২০০টি পাসওয়ার্ডের তালিকা তৈরি করা হয়।

গবেষণা অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের শীর্ষে রয়েছে ‘123456’। গত এক বছরে এই পাসওয়ার্ডটি ৭২ লাখেরও বেশিবার ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ‘admin’ ব্যবহৃত হয়েছে ৪৪ লাখেরও বেশি বার। তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ‘12345678’ এবং ‘123456789’।

যুক্তরাষ্ট্রেও সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ড ‘123456’। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘admin’। দেশটির বহুল ব্যবহৃত শীর্ষ ১০ পাসওয়ার্ডের তালিকায় আরও রয়েছে ‘password’, ‘12345678’, ‘123456789’, ‘1234’, ‘user@123’, ‘12345’ ও ‘password1’।

একই প্রবণতা দেখা গেছে প্রতিবেশী ভারতেও। দেশটিতে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড ‘123456’। দ্বিতীয় স্থানে রয়েছে ‘12345678’ এবং তৃতীয় স্থানে ‘admin’। শীর্ষ ১০-এর অন্য পাসওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে ‘1234’, ‘12345’, ‘123456789’, ‘password’, ‘Admin@123’, ‘Welcome@123’ ও ‘admin@123’।

তবে নর্ডপাস ও নর্ডস্টেলারের এবারের গবেষণায় বাংলাদেশের তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডগুলোর নির্ভরযোগ্য তালিকা পাওয়া যায়নি। তবে বৈশ্বিক ও প্রতিবেশী দেশের চিত্র থেকে বোঝা যায়, সহজ ও অনুমানযোগ্য পাসওয়ার্ড ব্যবহারের প্রবণতা এখনও বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।

গবেষণায় আরও দেখা গেছে, নিরাপত্তাঝুঁকি সম্পর্কে জানার পরও সহজে মনে রাখার সুবিধার জন্য দুর্বল পাসওয়ার্ড বেছে নেন অনেক ব্যবহারকারী। পাসওয়ার্ড তৈরিতে ঐতিহাসিক ঘটনা, কোভিড-১৯ মহামারি, প্রিয় ক্রীড়া দল কিংবা টেলিভিশন অনুষ্ঠানের নামও প্রভাব ফেলে। গত আট বছরে মানুষের পাসওয়ার্ড নির্বাচনের অভ্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।

এ বিষয়ে নর্ড সিকিউরিটির পণ্য ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান ক্যারোলিস আরবাচিয়াউস্কাস বলেন, ‘পাসওয়ার্ড খুব কমই এলোমেলো হয়। মানুষ যখন কোনো কিছু মনে রাখতে চায়, তখন সে আগে থেকে জানা বা চিরচেনা বিষয়ের ওপরই বেশি নির্ভর করে।’

বিশেষজ্ঞদের আশঙ্কা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে হ্যাকাররা এখন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এ ধরনের সহজ পাসওয়ার্ড ভেঙে ফেলতে পারে। তাই অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অনুমানযোগ্য ও আগে ফাঁস হওয়া পাসওয়ার্ড ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।

শক্তিশালী পাসওয়ার্ড তৈরিতে যা করবেন

অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি অ্যাকাউন্টে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। পাসওয়ার্ডে বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের সমন্বয় রাখা যেতে পারে। নিজের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর কিংবা পরিচিত শব্দ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

এ ছাড়া একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার না করা, পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা এবং সম্ভব হলে দুই স্তরের নিরাপত্তা (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) চালু রাখাও জরুরি। এতে পাসওয়ার্ড ফাঁস হলেও অনলাইন অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ঝুঁকি কমানো সম্ভব।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা
প্রতিযোগিতাটিতে দুটি জনপ্রিয় গেম-পাবজি মোবাইল এবং ই-ফুটবল অন্তর্ভুক্ত থাকবে, যেখানে পাবজি মোবাইলের জন্য ২০ লাখ এবং ই-ফুটবলের জন্য ৫ লাখ টাকার পুরস্কার দেয়া হবে।
২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা
স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল ফিচার স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল ফেসবুক প্রোফাইল আগের মতোই সচল থাকবে। ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ আলাদা রাখতে অনেকেই একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক প্রোফাইল ব্যবহার করেন। বন্ধু, পরিবার, সহকর্মী কিংবা নির্দিষ্ট কোনো কমিউনিটির সঙ্গে যোগাযোগের জন্য আলাদা পরিচয়ে এসব প্রোফাইল তৈরি করা যায়। ফেসবুকের এই সুবিধাটিই ‘অ্যাডিশনাল প্রোফাইল’ নামে পরিচিত। এত দিন একটি অ্যাকাউন্টের অধীনে সর্বোচ্চ চারটি অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে চালু হওয়া এ ফিচারের মাধ্যমে আলাদা ইমেইল বা নতুন অ্যাকাউন্ট ছাড়াই একই অ্যাকাউন্ট থেকে একাধিক প্রোফাইল ব্যবহারের সুযোগ পেয়েছিলেন ব্যবহারকারীরা। তবে এবার ফিচারটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী, শুধু মূল অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলোই বন্ধ করা হবে। মূল ফেসবুক প্রোফাইল, পেজ কিংবা আলাদা মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা স্বতন্ত্র প্রোফাইলের ওপর এর কোনো প্রভাব পড়বে না। মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, পোস্ট ও অন্যান্য তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীরা ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড বা এক্সপোর্ট না করলে পরবর্তী সময়ে সেগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। এদিকে, অতিরিক্ত প্রোফাইল দিয়ে যেসব ব্যবহারকারী ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন, তাদের দ্রুত মূল প্রোফাইলে গ্রুপের অ্যাডমিন দায়িত্ব হস্তান্তরের পরামর্শ দিয়েছে মেটা। অন্যথায় কোনো গ্রুপে মূল প্রোফাইলের অধীনে অ্যাডমিন না থাকলে নতুন অ্যাডমিন নিয়োগ না দেওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত হতে পারে। যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন অতিরিক্ত প্রোফাইলের ছবি, পোস্টসহ অন্যান্য তথ্য সংরক্ষণ করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। ১. প্রথমে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে চান, সেটিতে সুইচ করুন। ২. এরপর Settings & Privacy থেকে Settings অপশনে যান। ৩. Your Information and Permissions বিভাগ থেকে Export Your Information নির্বাচন করুন। ৪. Create Export অপশনে ক্লিক করে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করুন। ৫. তথ্য নিজের ডিভাইসে নাকি অন্য কোনো বাহ্যিক সেবায় সংরক্ষণ করতে চান, তা নির্ধারণ করুন। ৬. প্রয়োজনীয় তথ্য নির্বাচন করে Create Export-এ ক্লিক করুন। যেসব প্রোফাইল বন্ধ হবে না মেটার এই সিদ্ধান্তে সব ধরনের ফেসবুক প্রোফাইল বন্ধ হচ্ছে না। এর আওতায় পড়বে না- * ব্যবহারকারীর মূল ফেসবুক প্রোফাইল। *  মূল অ্যাকাউন্টের অধীনে পরিচালিত ফেসবুক পেজ। * আলাদা মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা স্বতন্ত্র ফেসবুক প্রোফাইল। অর্থাৎ, যারা শুধু একটি সাধারণ ফেসবুক প্রোফাইল ব্যবহার করেন, তাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এ ছাড়া একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটির তথ্য আলাদাভাবে ডাউনলোড করতে হবে। তবে বিজ্ঞাপন-সংক্রান্ত কিছু তথ্য মূল প্রোফাইলের তথ্য এক্সপোর্ট করার মাধ্যমেও পাওয়া যেতে পারে। তাই অতিরিক্ত প্রোফাইলের পাশাপাশি প্রয়োজনে মূল প্রোফাইলের তথ্যও সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: ব্যাংকক পোস্ট আরটিভি/এসকে
স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল
আজ যাকে ইচ্ছা আনফ্রেন্ড করার দিন
সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় বন্ধুদের তালিকা থেকে বাদ দেওয়ার দিন আজ। প্রতি বছর ১৭ নভেম্বর পালিত হয় ‘ন্যাশনাল আনফ্রেন্ড ডে’।
আজ যাকে ইচ্ছা আনফ্রেন্ড করার দিন
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা উইকিস্কলারে নাম নিবন্ধন শুরু
“কৌতূহল থাকুক অফুরন্ত, জ্ঞান হোক বিকশিত” এই প্রতিপাদ্য সামনে রেখে দেশজুড়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা উইকিস্কলারে নাম নিবন্ধন শুরু হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি আয়োজন করছে উইকিস্কলার আয়োজক কমিটি।
বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা উইকিস্কলারে নাম নিবন্ধন শুরু
আরও পড়ুন
সাইবার হামলার শঙ্কায় এখনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
পিএইচপির ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার আতঙ্ক, এআইয়ের সাহায্যে হামলা ঠেকাবে জাপান
সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন!
আতঙ্ক ছড়াচ্ছে নতুন ধরনের সাইবার হামলা, বাঁচার উপায় কী?