ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু’

বাসস

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি: সংগৃহীত

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন (পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ) মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রন্ধন প্রতিযোগিতায় ৩০০ রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য অনুষ্ঠানে পাঁচজনকে পুরস্কার প্রদান করা হয়।

এসময় ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এই প্রকল্প বিদ্যালয়ে চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট। আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশু মিড ডে মিল পাবে।

চলমান কর্মসূচির পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

বিদ্যালয়ের খাবারের মান ও পুষ্টিগুণ বাড়াতে স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিল বা শিশুদের বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।

প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ এবং স্থানীয় উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ, দুগ্ধজাত পণ্য ব্যবহার, মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশের শিশুদের পুষ্টির মান বহুগুণে বাড়াবে।

বক্তব্যে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, আমরা প্রায়ই বলি, রান্না একটি শিল্প। তবে এটি একই সঙ্গে একটি ভাষা, একটি বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম। যেখানে প্রয়োজন, অনুরাগ, সৃজনশীলতা এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মিলনমেলা। আমরা রান্নায় আমাদের ইতিহাস, ব্যক্তিত্ব এবং ভালোবাসার একটি অংশ যোগ করি।

রন্ধন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মাদারিপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় অবস্থানে রয়েছেন আবু আব্দুলাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান অধিকার করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক প্রদান করা হয়। পরে বিশিষ্ট চিকিৎসক জুবাইদা রহমান বিজয়ী ও প্রতিযোগীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

রান্নায় নতুনত্ব ও সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, রান্না নিয়ে নতুন পরীক্ষা-নিরীক্ষা করা থামাবেন না। আপনাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আপনাদের রান্নাকে অনন্য করবে। রান্নার প্রতি আপনাদের আসক্তিকে কখনো হারিয়ে যেতে দেবেন না। এই যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। বিশ্বের দরবারে বাংলাদেশের রান্নাকে আরও প্রসিদ্ধ করতে সহযোগিতা করুন।

বিশ্বের ক্ষুধা দূরীকরণে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন দিক তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, সবার জন্য খাদ্য নিশ্চিত করা, দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের খর্বতা ও অপুষ্টির অবসান, ক্ষুদ্র কৃষকদের সহায়তা, টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্যের অপচয় ও ক্ষতি কমানো এর অন্যতম লক্ষ্য।

বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশের ৬৪টি জেলায়, ৫০০টি উপজেলায়, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের ৯০ হাজার ৪৯টি গ্রামের প্রেক্ষাপটে পাঁচ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার।

তিনি বলেন, বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার গঠিত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।

কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করে ডা. জুবাইদা রহমান বলেন, কৃষিপ্রধান এই দেশে নতুন প্রজন্মকে কৃষির প্রতি যত্নবান হওয়ার অনুপ্রেরণা দেওয়া জরুরি।

কৃষি উৎপাদন বৃদ্ধি ও পুষ্টির ঘাটতি দূরীকরণে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত ফসলের চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান এবং পুষ্টির অভাব দূরীকরণে রোগ প্রতিরোধী আলু চাষের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষের প্রসার ঘটছে। বর্তমানে ৩০ হাজারেরও বেশি কৃষক এ ধরনের বেগুন চাষ করছেন।

আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, আধুনিক সেচ ও কৃষি অবকাঠামোর উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণ এবং পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরের উদ্যোগ নিতে হবে। জাতীয় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নীতি বাস্তবায়নের পাশাপাশি পুষ্টি সংবেদনশীল নীতির ওপরও গুরুত্ব দিতে হবে।

মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় মা ও শিশুদের বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাস তৈরিতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।

ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, আসুন, পৃথিবীকে জিরো হাঙ্গার— শূন্য ক্ষুধার দিকে এগিয়ে নিতে আমরা সকলেই প্রচেষ্টা চালাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহজামান খান প্রমুখ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভিকারুননিসায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির চারটি শাখায় এবার মোট এক হাজার ৫৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
ভিকারুননিসায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা নির্দিষ্ট আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
২৫ ডিসেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণের পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের হাতে ২৫ ডিসেম্বরের মধ্যে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর ২০২৬—২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার সংস্কার, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন, শিক্ষক বদলি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে সরকার নিরলসভাবে কাজ করছে। ফ্যাসিস্ট আমলের বিভিন্ন অনিয়ম ও প্রশাসনিক জটিলতা নিরসনে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পাঠদানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা। শিক্ষক বদলি প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষকদের মান ও যোগ্যতা যাচাই, নকল সনদ প্রতিরোধ এবং বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হচ্ছে। কোনোভাবেই শিক্ষার গুণগত মানের প্রশ্নে আপস করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলের অব্যবস্থাপনা ও ত্রুটিপূর্ণ নীতির কারণে যেসব জটিলতা তৈরি হয়েছিল, সেগুলো ধাপে ধাপে সমাধান করা হচ্ছে। ইতোমধ্যে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শ্রেণিকক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতির প্রকৃত চিত্র পর্যবেক্ষণ করা হয়েছে। অনিয়ম রোধে কঠোর নির্দেশনা দেওয়া হবে। পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফলের স্বচ্ছতা প্রসঙ্গে মন্ত্রী মিলন বলেন, পরীক্ষার ফলাফল ও খাতা পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। যেসব পরীক্ষকের অবহেলায় ফলাফলে ত্রুটি দেখা দিয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে। প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধন ও সনদ প্রদানের প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে আনার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়কে অত্যন্ত সংবেদনশীল দপ্তর হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জবাবদিহি বজায় রেখে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ভূমিকা ও সহযোগিতা একান্ত প্রয়োজন। শিক্ষাবিষয়ক প্রতিটি যৌক্তিক ও গঠনমূলক প্রতিবেদনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয় জানিয়ে তিনি বলেন, শিক্ষা খাতের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ও খোলামেলা মতবিনিময় অব্যাহত থাকবে। ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও ফারুক হোসাইন, ইরাবের বর্তমান সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, কোষাধ্যক্ষ নাজিউর রহমান সোহেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আরটিভি/টিআর
২৫ ডিসেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণের পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী
১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। 
১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা
দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। বরিশাল বিভাগে মেয়েদের জন্য প্রতিষ্ঠিত প্রথম সরকারি মহিলা পলিটেকনিক এটি। আধুনিক প্রযুক্তিনির্ভর এই শিক্ষার মাধ্যমে নারীদের কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা ও ক্ষমতায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা
আরও পড়ুন
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে আসছে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প
ইয়াবাসহ হাতেনাতে বাকৃবির ‘কৃষিবিদ’ মাহমুদুল ধরা
চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ