
তাবিথ আওয়াল ইয়াং অ্যান্ড শিক্ষিত। দল চায় তরুণরা রাজনীতিতে আসুক। চেয়ারপারসন দলের স্থায়ী কমিটিকে প্রার্থী নির্বাচনের দায়িত্ব দিয়েছেন। আবার তিনি গতবারের প্রার্থী বদলেরও কোনো ইঙ্গিত দেননি। তাবিথ গতবার নির্বাচন করেছে। এবারও হয়তো সেই পাবে। ও ভালো কাজ করতে পারবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে তাবিথ আওয়ালের মেয়র প্রার্থী হওয়া নিয়ে এমনটাই বললেন তাবিথের বাবা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
বুধবার পুরানো ঢাকার বকসিবাজারে বিশেষ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের একথা জানান তিনি।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, দলীয় সিদ্ধান্তে গতবার নির্বাচন বর্জন করা হয়েছিল। কিন্তু নির্বাচন বর্জন না করে শেষ পর্যন্ত লড়াই করা উচিত ছিল তার।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল ২০১৫ সালের ২৮ এপ্রিল বড় ব্যবধানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন।
গেলো ৩০ নভেম্বর ডিএনসিসির মেয়র আনিসুল হক মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পদটি শূন্য হয়। শিগগির শূন্য পদে তফশীল ঘোষণা করা হবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মেয়র শূন্য ঘোষণা করার পর নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সেক্ষেত্রে গতবার নির্বাচনে অংশ নেওয়া তাবিথ আউয়ালের দলীয় মনোনয়ন পাওয়া অনেকটা নিশ্চিত বলে দলের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
এসজে




