
'আমি ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় গণসংযোগ ও মতবিনিময় করছি তা নেত্রীকে অবহিত করতে গিয়েছিলাম। নেত্রী আমাকে কাজ চালিয়ে যেতে বলেছেন।'
বললেন উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম।
শনিবার দুপুর ২টার দিকে তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে যান। প্রায় ১ ঘণ্টা পর ৩টার দিকে তিনি গণভবন থেকে বের হয়ে আসেন।
মনোনয়ন বিষয়ে জানতে চাইলে আতিকুল ইসলাম বলেন, মনোনয়নের বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিএনসিসির উপ-নির্বাচনে আতিকুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আলোচনায় আছেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বনানীতে অবস্থিত নিজ বাণিজ্যিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, সবুজ সংকেত পাওয়ার পরেই আমি কাজ শুরু করেছি। বিভিন্ন এলাকায়, জায়গায়, গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যাচ্ছি। এছাড়া মাঠে-ময়দানে, মসজিদ, মন্দিরে যাওয়া শুরু করেছি।
তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমার মনোনয়ন বিষয়ে যা বলেছেন, সেটা ওনার ব্যক্তিগত মতামত। এ সমন্ধে আমি কোনো কমেন্টস করতে চাই না। আমি সবুজ সংকেত পেয়েছি বলেই মাঠে নেমেছি। সর্বোচ্চ মহল থেকেই সবুজ সংকেত পেয়েছি। আমার মনে হয়, দ্রুতই অচিরেই সেই সংকেত পাবেন।
এসজে




