
নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারদের (এসপি) নিয়ে একটি সভা হয়ে থাকে। কিন্তু এবার রিটার্নিং কর্মকর্তাদের আলাদাভাবে ব্রিফ করেছি। আগামীকাল (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনে নির্বাচন-বিষয়ক বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হবে। বললেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল পুলিশ সুপারদের (এসপি) ব্রিফ করা হবে। ২৪, ২৫, ২৬ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আমরা ব্রিফ করবো। এরপর আশা করি, প্রত্যেকটি নির্বাচনী এলাকায় একটা লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে পারব।
ইসি সচিব বলেন, সভায় আমরা আলোচনা করব, যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত হয়। নির্বাচনের প্রতীক পেলেই সব দল প্রচার শুরু করবে। তার আগেই যাতে মনোনয়ন পাওয়া প্রার্থীরা লেভেল প্লেয়িং ফিল্ড পান, সে জন্য তাদেরকে নির্দেশনা প্রদান করা হবে।
তফসিল ঘোষণার পর বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার বিষয়ে সচিব বলেন, সবই কমিশনের নজরে আনা হয়েছে। বিএনপি আজ যে চিঠি দিয়েছে, সেটি নিয়ে আগামীকাল কমিশন সভায় আলোচনা হবে।
নতুন করে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার বা হয়রানি বন্ধে কোনও নির্দেশ দেওয়া হবে কি না, প্রশ্নে সচিব হেলালুদ্দীন বলেন, কিছু নির্দেশনা দেওয়া হবে।
নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুকে নানা ধরনের গুজব ছড়ানো হয়। ফেসবুক মনিটরিং করার বিষয়ে ইসি কোনও পদক্ষেপ নেবে কি না, জানতে চাইলে সচিব বলেন, এ বিষয়ে করণীয় ঠিক করতে ২৬ নভেম্বর ইসি সব মোবাইল অপারেটর ও বিটিআরসি প্রতিনিধিদের সঙ্গে বসবে। তবে ভোটের দিন ফেসবুক বন্ধের কোনও পরিকল্পনা আপাতত ইসির নেই।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, যাছাই-বাছাই ২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি দল অংশ নিচ্ছে।
এমসি/পি




