
কোলাহল উইথ আফজাল হোসেন অনুষ্ঠানে দীর্ঘ ৩ ঘণ্টার আলাপচারিতায় কিংবদন্তি অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন তার জীবনের গল্প জানালেন। তানভীর তারেকের গ্রন্থণা, উপস্থাপনা ও পরিচালনায় এই অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্টে ক্যারিয়ারের দীর্ঘ পথ নিয়ে কথা বলেছেন তিনি।
তবে সেলিব্রিটি টকশোতে কিছুটা ভিন্নতা আনতেই বিভিন্ন বিষয় নিয়ে ১০টি করে প্রশ্ন করেছেন আরও ৩ সাংবাদিক। তারা হলেন শ্রাবণী রাখী, অনিন্দ্য মামুন ও অপূর্ণ রুবেল ।
অনুষ্ঠান প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, তানভীর তারেকের এই সৃজনশীল কাজের ধারাটা আমার ভালো লাগে। সবার চিন্তাভাবনার জগৎ বা কাজের ধারা তো একরকম না। তার সঙ্গে এর আগেও যখন আড্ডা দিয়েছি, তখন কথা বলে আরাম পেয়েছি। বলা যায়, আমার বলার আগ্রহের জায়গাগুলোতে সে পৌঁছাতে পেরেছে। এবারের এই আড্ডাটিও উপভোগ করলাম।

এ বিষয়ে উপস্থাপক তানভীর তারেক বলেন, আফজাল ভাই আমাদের শোবিজ জগতের বিশেষ মানুষ। তার প্রতিটা কাজ, প্রতিটা অঙ্গনে তিনি এত যত্ন নিয়ে পথ হেঁটেছেন; অথচ তার এসব কাজ নিয়ে বিস্তারিত কোনো কথপোকথন নেই। যা আছে একই কথার পুনরাবৃত্তি। কোলাহল উইথ আফজাল হোসেন নামের এই সিরিজে গুণী মানুষদের ভাবনাগুলো আমি বিশদভাবে তুলে আনতে চাই। তা বাজারি কনটেন্ট হিসেবে খুব চাহিদা সম্পন্ন না হোক, তাতে কিছু যায় আসে না।
তিনি আরও বলেন, সঞ্চালক হিসেবেও আমি মনে করি আমার নিজস্ব একটা দায়বদ্ধতা রয়েছে। আমাদের দেশে অনেক কিংবদন্তি চলে গেছেন যাদের কোনো রেফারেন্স ইন্টারভিউ নেই, আত্মজীবনীমূলক প্রকাশনা নাই, সেই কাজগুলোই ভিজুয়ালি প্রথমে প্রিন্টেড আকারে গ্রন্থণায় আনতে চাই। তারই ধারবাহিকতায় কোলাহল উইথ আফজাল হোসেন– একটা সময়ের স্মারক। অনুষ্ঠানটি করতে পেরে আমার নিজেরও আনন্দবোধ হয়।
অনুষ্ঠানটির চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন মোস্তাফিজ মিঠু।অনুষ্ঠানটি স্বাধীন মিউজিক অ্যাপসহ তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক পেজে অবমুক্ত হবে।




