
দুই থেকে তিন হয়েছেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত ৬ নভেম্বর তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। মেয়ের পৃথিবীতে আগমনে বেশ উচ্ছ্বসিত তারা।
নবজাতকের নাম কী রাখা হবে, তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা-কল্পনা। কারণ, সন্তানের নাম কী রাখবেন, আলিয়া নিজেই বেশ কয়েকবার সেই আভাস দিয়েছিলেন।
প্রায় সাড়ে চার বছর আগে একটি রিয়েলিটি শো’র মঞ্চে মজার ছলেই আলিয়া বলেন, আমার মেয়ে হলে নাম রাখব ‘আলমা’। সবশেষ ‘গাঙ্গুবাই’ সিনেমার প্রচারের সময় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাদের (রণবীর-আলিয়া) মেয়ে হলে তিনি নাম রাখবেন ‘আইরা’। তবে আলমা বা আইরা কোনোটিই নয়, মেয়ের নাম রেখেছেন ‘রাহা’।

ইনস্টাগ্রামে স্বামী-কন্যার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে আলিয়া জানিয়েছেন, তাদের মেয়ের নাম রাহা। আর এই নামটি রেখেছেন দাদি নীতু কাপুর। রাহা নামের অনেক সুন্দর সুন্দর অর্থ রয়েছে।
সেই অর্থ প্রসঙ্গে আলিয়া লিখেছেন, রাহা শব্দের আসল অর্থ স্বর্গের রাস্তা। সোয়াহিলি ভাষায় খুশি। সংস্কৃততে রাহা একটি গোষ্ঠী। বাংলায় বিশ্রাম, আরাম, স্বস্তি, মনের শান্তি। এ ছাড়া রাহা অর্থ সুখ, স্বাধীনতা ও আনন্দও বোঝায়।
মেয়ের উদ্দেশে নায়িকা লেখেন, ধন্যবাদ রাহা, আমাদের জীবনে আসার জন্য। মনে হচ্ছে, আমাদের জীবন মাত্র শুরু হয়েছে।




