নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি : ড্যানি সিডাক (ভিডিও)

আরটিভি নিউজ

শনিবার, ৩০ মার্চ ২০২৪ , ১০:৩১ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্শাল আর্ট-এ পারদর্শী ড্যানি সিডাক ১৯৮৬ সালে ‘লড়াকু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ‘বনের রাজা টারজান’, ‘সুপারম্যান’, ‘গরিবের রাজা রবিনহুড’, ‘সিংহ পুরুষ’, ‘লেডী রেম্বো’, ‘বাঘা বাঘিনি’ ও ‘রুপের রানি গানের রাজা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ড্যানি সিডাক। চলচ্চিত্রে কখনই তিনি ডামি ব্যবহার করতেন না। প্রথম সিনেমা ‘লড়াকু’তে নিজ হাতে ভেঙেছেন ১২ ইঞ্চি পুরু বরফ। এরপর তিনি বাঘ, সিংহ ও অজগর সাপের সঙ্গে সরাসরি লড়াই করেছেন। এসব করতে গিয়ে একবার নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বলে আরটিভিকে জানান এই অভিনেতা। 

ড্যানি সিডাক বলেন, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ভাই আমাকে বললেন- বাঘ, সাপের সঙ্গে লড়াই করেছো, এবার কিসের সঙ্গে লড়াই করবা। তোমার সঙ্গে এবার ২০ জন পালোয়ান দিব। আমি বলেছি- আমি একাই এবার সিংহের সঙ্গে লড়াই করবো। ঝন্টু ভাই বললেন, সত্যি সত্যি পারবা? আমি বললাম, সত্যি পারবো। 

যথারীতি আমি আর সহকারী পরিচালক জাহাঙ্গীর ভারতে চলে গেলাম। ভারতের ত্রিবান্দ্রাম নামক এক জায়গায় সার্কাস দলের সঙ্গে কথা বলি। তাদেরকে বলি, আমি সিংহের লড়াই করবো। কিছুতেই ওরা রাজি হচ্ছিলো না। ওরা আমাকে বলেছিল- তুমি কি পাগল সরাসরি ফাইট করবা। সিংহ তো তোমাকে চিনে না। যে পালেন, তাকে চিনে। আমি তারপরও বলি, আমি পারবো। তোমরা পাশে থাইকো। 

বন্ড পেপারে সাইন করে শুটিং শুরু করেন ড্যানি সিডাক। তিনি বলেন, বন্ড পেপারে সাইন করে ওদের রাজি করালাম। আমাকে সিংহের খাঁচার ভেতর ঢুকিয়ে তালা মেরে দেওয়া হলো। পরিচালকের কথামতো শট দিতে গিয়ে আমি সিংহটাকে পেছন থেকে ধরি। আধা মিনিটের মধ্যে আমাকে মাথা দিয়ে বাড়ি মেরে সিংহটা আমাকে নিয়ে পড়ে গেল। ঘুরে কামড় দিতে চেয়েছে আমাকে। তার আগে পা দিয়ে মারছিল। মনে হচ্ছিল, আমার শরীরটাকে লোহার রড দিয়ে পেটাচ্ছে। আমি পারছিলাম না। বার বার বলছিলাম, আমি আর পারছি না। এর পরে লোহার ক্যাচি দিয়ে আমাকে কোনোমতে উদ্ধার করে। এর পরে আমি অজ্ঞান হয়ে যাই। আমার শরীরে ১০২ ডিগ্রি জ্বর আসে।

এর পরও হাল ছাড়েনি ড্যানি সিডাক। পরের দিন আবারও সিংহের সঙ্গে লড়াই করেন। ড্যানি সিডাক বলেন, পরের দিন সকালে গিয়েছি। ওরা অন্য একটি সিংহ নিয়ে আসলো। আমাকে বুদ্ধি শিখিয়ে দিলো। বললো- যখন দেখবা সিংহের ঘাড়ের লোম দাঁড়িয়ে গেছে তখন তুমি সামনে থেকো না। সেটা খেয়াল করেই আমি শুটিংটা করেছি। সিংহের খাঁচা থেকে বের হওয়ার পর দেখতে পাই, বাইরে হাজার হাজার তামিল লোক জড়ো হয়ে গেছে। তারা দেখতে এসেছে, সিংহের সঙ্গে সরাসরি লড়াই করেছে!

প্রসঙ্গত, আশি ও নব্বইয়ের দশকের খল অভিনেতা ড্যানি সিডাক এখনও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে চলেছেন। অভিনয়ের বাইরে চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনাও করেছেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission