
রণবীর সিং, ববি দেওল এবং শ্রীলীলাকে নিয়ে তৈরি হতে যাওয়া এক বহুল প্রতীক্ষিত প্রজেক্ট নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সম্প্রতি শুটিং সেট থেকে ফাঁস হওয়া কিছু ছবি এবং ভিডিও এই কৌতূহল আরও বাড়িয়ে তোলে। একসঙ্গে এই তিন তারকাকে ক্যামেরাবন্দি করতে দেখার পর থেকেই ভক্তদের আগ্রহ তুঙ্গে- কী হতে চলেছে এই নতুন প্রজেক্টে?
এবার সেই অপেক্ষার অবসান। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। খবর বলিউড হাঙ্গামার।
সূত্রটি জানিয়েছে, শুটিং খুবই মসৃণভাবে সম্পন্ন হয়েছে। নির্মাতারা খুব শীঘ্রই বড় কোনও ঘোষণার পরিকল্পনা করছেন। আগামী এক সপ্তাহের মধ্যেই প্রজেক্ট সংক্রান্ত একটি বড় আপডেট আসতে চলেছে। রণবীর ও শ্রীলীলার কেমিস্ট্রি একেবারেই নতুন এবং উদ্দীপ্ত– যা দর্শকদের চমকে দেবে।
যদিও সিনেমার নাম বা গল্পের বিস্তারিত এখনও গোপন রাখা হয়েছে, তবে ইতিমধ্যেই এই প্রজেক্ট ঘিরে উত্তেজনা তুঙ্গে।
রণবীর সিং বলিউডে আত্মপ্রকাশ করেন ২০১০ সালে যশরাজ ফিল্মসের রোমান্টিক কমেডি ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে, যা তাঁকে এনে দেয় ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেতার পুরস্কার। পরবর্তী সময়ে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘রাম-লীলা’ (২০১৩), ‘বাজিরাও মাস্তানি’ (২০১৫) ও ‘পদ্মাবত’ (২০১৮) ছবিগুলোর মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেন তিনি।
‘গালি বয়’–এর (২০১৯) একজন র্যাপার হিসেবে তাঁর অভিনয় তাঁকে এনে দেয় আরেকটি ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার। তাঁর অভিনীত সবশেষ সিনেমা করণ জোহরের ‘রকি ওর রানি কি প্রেমকাহানি’ও হিট হয়।
আরটিভি/কেআই




