
ঢাকাই চলচ্চিত্রের বহুল পরিচিত দৃশ্য- নায়কের হাতে খলনায়কের পরাজয়। সেই চিরচেনা দৃশ্য এবার বাস্তবে দেখা গেলো নিউ ইয়র্কে! তবে রুপালি পর্দার মতো নয়, বাস্তব জীবনের এক আনন্দঘন মিলনমেলায়, যেখানে এক ফ্রেমে হাজির চার নায়ক ও এক খলনায়ক!
চিত্রনায়ক জায়েদ খানের উদ্যোগে নিউ ইয়র্কের মেলরোজ এলাকার একটি রেস্টুরেন্টে জমে উঠেছিল এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা। সেখানে উপস্থিত ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ আমিন খান, আলেকজান্ডার বো, মামুনুন ইমন এবং শক্তিমান খল অভিনেতা আহমেদ শরীফ।
জায়েদ খান জানান, আমরা নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকার বাইরে মেলরোজ নামক একটি জায়গায় একসাথে মিলিত হওয়ার পরিকল্পনা করি। সবাই আসলেন- আমিন ভাই, বো ভাই, ইমন এবং শরীফ ভাই। আড্ডা, গল্প আর পুরোনো দিনের স্মৃতিচারণায় আমরা দারুণ সময় কাটাই।
এই মিলনমেলার বিশেষ আকর্ষণ ছিল একটি প্রতীকী ফটোশুট, যেখানে ঢাকাই সিনেমার চেনা ছক মেনেই নায়কেরা যেন ‘কুপোকাত’ করলেন খলনায়ককে। হাস্যরস আর স্মৃতিমাখা মুহূর্তে ভরা এই দৃশ্য ক্যামেরাবন্দী হয় আয়োজক জায়েদ খানের তত্ত্বাবধানে।
‘শরীফ ভাই রাজি ছিলেন বলেই এমন ছবি তোলা সম্ভব হয়েছে। অনেকটা সিনেমার শেষ দৃশ্যের মতো। তবে এটা নিছক আনন্দের অংশ, সবার সম্মতিতে মজার ছলে করা হয়েছে,’ বলেন জায়েদ।
আরটিভি/কেআই




