ক্লোজআপ ওয়ান বিজয়ী জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমার সঙ্গে তার স্বামী সানাউল্লাহ নূরে সাগরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। তাদের মধ্যে ডিভোর্স সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সানাউল্লাহ নূরে সাগর নিজেই।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে সানাউল্লাহ নূরে সাগর লেখেন, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ।

তিনি আরও উল্লেখ করেন, পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখেই তাদের বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘটেছে এবং এ বিষয়ে নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
ফেসবুক পোস্টে তিনি তাদের কন্যা সন্তানের কথাও উল্লেখ করেন। তিনি লেখেন, আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন।
একই সঙ্গে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। ২০১২ সালের ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম হয়। তবে সাংসারিক দ্বন্দ্বের জেরে ২০১৬ সালের ২০ নভেম্বর তাদের বিচ্ছেদ ঘটে।
পরবর্তীতে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর লোকগানের এই শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন সানাউল্লাহ নূরে সাগরকে। তবে কয়েক বছরের দাম্পত্য জীবনের পর এবার সেই সম্পর্কেরও ইতি টানলেন তারা।
আরটিভি/কেআই




