
ক্লোজআপ ওয়ান বিজয়ী জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমার সঙ্গে তার স্বামী সানাউল্লাহ নূরে সাগরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। তাদের মধ্যে ডিভোর্স সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সানাউল্লাহ নূরে সাগর নিজেই।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, সালমা এই বিচ্ছেদ প্রসঙ্গে আরটিভিকে বলেন, হাদিসে আছে, যদি কেউ আল্লাহর চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসে; তাহলে এটি অবশ্যম্ভাবী যে, সে যা ভালোবাসবে (একসময়) সেটাই তার কষ্টের কারণ হবে। আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। আমি মনে হয়, আল্লাহর চেয়ে স্বামীকে বেশি ভালোবেসেছিলাম। সম্পদ, পড়ালেখা, সব কিছুই করেছি তার জন্য। কিন্তু কেন বিচ্ছেদ হচ্ছে, আমি জানি না। তবে সে যা করুক, তার প্রতি আমার সম্মান ও ভালোবাসা থাকবে। আমি এর বেশি কিছু বলতে চাই না। সবাই দোয়া করবেন আমার জন্য।
অন্যদিকে, ৩১ ডিসেম্বর সালমার বড় মেয়ে স্নেহার জন্মদিন। বিচ্ছেদ আবহের মাঝে নিজের ফেসবুকে মেয়েকে নিয়ে এ গায়িকা লিখেছেন, আজকে আমার স্নেহার জন্মদিন। আমার বড় কন্যার। তুমি আমার প্রথম সন্তান। এই দিনে আমার কোল আলো করে এসেছিলে তুমি।
প্রথম মাতৃত্বের স্মৃতিচারণ করে লিখেছেন, তোমার মুখটা দেখার পর জীবন আমার পরিপূর্ণ হয়েছিল। কী মায়া ভরা মুখ, আমার কলিজা, আমার আত্মা, আমার নয়নের মণি। খুব ছোট বয়সে মা হয়েছিলাম, আমি নিজে বাচ্চা ছিলাম তখন। তোমাকে কেমন করে কোলে নেব, নরম শরীরে ব্যথা পাও যদি। কি যে করেছি পাগলামি আমি জানি শুধু আর তোমার নানি জানে।
মেয়ের উদ্দেশে গায়িকার কথা, মাগো এই নিষ্ঠুর দুনিয়াতে আমি কিছুই চাই না। এখন চাই তুমি আর তোমার বোন সাফিয়া সকল সুখ শান্তি পাও এই জীবনে। বাবার মূখ উজ্জল করো। অনেক বড় হও। আকাশের মতো বিশাল হও,কেউ যেন আঙুল তুলে সহজে বলতে না পারে কিছু মেয়ে বলে।
মা হিসেবে সালমার পরামর্শ, আমি দোয়া করি তোমরা দুই বোন নিজেকে আলো রূপে তৈরি করবে। বাবা-মা চিরোজীবন দুনিয়াতে থাকবে না।একদিন ওই পরপারে চলে যেতে হবে। কেউ যেন বিপদে না ফেলতে পারে। নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে তোমার চলার রাস্তা সহজ হয়। নিজেকে আলো তৈরি করবে যাতে বিপদ আসলে পথ দেখে চলতে পারো। অন্যকে বিশ্বাস করে আলো বানাবে না। অন্ধকারে সে ফেলে গেলে জীবন চলতে কঠিন হবে। নিজে আলো হলে যত বাধা আসুক নিজের আলো তে ঠিক পথ খুঁজে পাবে।
_20261231_125951212.jpg)
সবশেষে লেখেন, মাগো আল্লাহ তোমাকে সকল সুখ শান্তি দান করুক। তুমি ভালো থাকলে আমার দুনিয়া সুখের জান্নাত তোমার কোনো কষ্ট হলে আমার পৃথিবী অন্ধকার। একদিন তুমি অনেক বড় হবে ইনশাআল্লাহ মায়ের আশীর্বাদ তোমার সাথে সব সময়। আমি যে দিন মারা যাব ওই দিন ও তোমার আর সফিয়ার চোখ দিয়ে এই দুনিয়া দেখব। আমার স্নেহার জন্য সবাই দোয়া করবেন।
স্নেহা সালমা ও শিবলীর সন্তান। ২০১১ সালের ২৫ জানুয়ারি সালমা ও শিবলী সাদিক বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালে ঘর ভাঙে তাদের। এরপর ২০১৮ সালে সালমার বিয়ে করেন সানাউল্লাহ নূরে সাগরকে। গতকাল থেকে সে ঘর ভাঙার খবরে আলোচনায় গায়িকা।




