পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য আয়োজন করা হচ্ছে বিশেষ এক সংগীত অনুষ্ঠান। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলা লাইভ’ কনসার্টে মঞ্চ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগর বাউলখ্যাত মাহফুজ এনাম জেমস। একই অনুষ্ঠানে পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খানও।
ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে এবারই প্রথমবারের মতো মঞ্চে উঠতে যাচ্ছেন জায়েদ খান। এ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
একটি গণমাধ্যমকে জায়েদ খান বলেন, প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। আমি খুব উত্তেজিত। সেখানকার প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে। বাঙালি সংস্কৃতি তুলে ধরব। ভাবতেই ভালো লাগছে।
লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া ইউরো ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান।
কনসার্টটির আয়োজন করছে কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা। আয়োজকদের প্রত্যাশা, জেমস তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবেন। পাশাপাশি জায়েদ খানের উপস্থিতি ও পারফরম্যান্স আয়োজনটিতে ভিন্ন মাত্রা যোগ করবে।
ইতোমধ্যে লিসবনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের দাবি, এটি হতে যাচ্ছে পর্তুগালে অনুষ্ঠিত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজনগুলোর একটি।
আয়োজকদের দাবি, এটি হতে যাচ্ছে পর্তুগালে এখন পর্যন্ত অন্যতম বড় বাংলা সংগীত আয়োজন।
আরটিভি/এমএম



